পর্তুগালে বসবাসরত যেসব বিদেশি নাগরিকের অপ্রাপ্তবয়স্ক সন্তান দেশটির নাগরিক, তাঁদের জন্য আগাম ভিসা ছাড়াই অস্থায়ী বসবাসের অনুমতিপত্র (রেসিডেন্স পারমিট) পাওয়ার আবেদন প্রক্রিয়ায় নতুন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করেছে দেশটির অভিবাসন সংস্থা আইমা (AIMA)।
গত ১৬ নভেম্বর, সোমবার, সংস্থাটি নতুন এ প্রক্রিয়া চালুর ঘোষণা দেয়। অনলাইন যোগাযোগ ফরমের মাধ্যমে এখন থেকে এ অ্যাপয়েন্টমেন্টের আবেদন করা যাবে।
পর্তুগালের বিদেশি নাগরিক আইন ২৩/২০০৭-এর ১২২(১)(কে) ধারার আওতায় এ সুযোগ দেওয়া হচ্ছে। এ ধারায় নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে আগাম রেসিডেন্স ভিসা ছাড়াই অস্থায়ী বসবাসের অনুমতিপত্র পাওয়ার সুযোগ রয়েছে।
এ সুবিধা পেতে আবেদনকারীর অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়েকে পর্তুগালের নাগরিক হতে হবে এবং দেশটিতে বসবাস করতে হবে। পাশাপাশি আবেদনকারীকে প্রমাণ করতে হবে, তিনি সন্তানের অভিভাবকত্বের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করছেন এবং তার ভরণপোষণ ও শিক্ষার ব্যয় বহন করছেন।
তবে এসব শর্ত পূরণ করলেই রেসিডেন্স পারমিট পাওয়া নিশ্চিত নয়। আবেদনকারীকে এ-সংক্রান্ত অন্যান্য আইনি শর্তও পূরণ করতে হবে।
যেভাবে অ্যাপয়েন্টমেন্টের আবেদন করবেন
আবেদন করতে হবে আইমার অনলাইন যোগাযোগ প্ল্যাটফর্মের মাধ্যমে। ওয়েবসাইটের ঠিকানা: https://contactenos.aima.gov.pt।
আবেদন ফরমে ‘Subject’ বিভাগ থেকে ‘Residence Permit’ নির্বাচন করতে হবে। এরপর ‘Subcategory’ থেকে ‘Appointment Request AR without residence visa Art 122 K’ অপশনটি বেছে নিতে হবে।
আবেদনের সঙ্গে কয়েকটি নথির স্ক্যান কপি জমা দিতে হবে। এগুলো হলো—
- বৈধ পাসপোর্টের কপি;
- সন্তানের পর্তুগিজ নাগরিকত্বের কার্ডের কপি;
- পর্তুগালে ইস্যু করা সন্তানের জন্মসনদ।
এ ছাড়া সন্তানের প্রতি নিজের অভিভাবকত্বের দায়িত্ব পালন এবং তার ভরণপোষণে আর্থিক অবদান রাখার প্রমাণ দিতে হবে। এ ক্ষেত্রে আদালতের আদেশ বা অভিভাবকত্ব-সংক্রান্ত চুক্তি, অভিভাবকত্বের দায়িত্ব পালনের ঘোষণা, নিয়মিত অর্থ প্রদানের প্রমাণ কিংবা সন্তানের পেছনে করা খরচের রসিদ জমা দেওয়া যেতে পারে।
আইমা জানিয়েছে, অনলাইনে এসব নথি জমা দেওয়া কেবল অ্যাপয়েন্টমেন্টের আবেদন প্রক্রিয়ার অংশ। রেসিডেন্স পারমিটের আবেদন আনুষ্ঠানিকভাবে যাচাইয়ের আগে সরাসরি সাক্ষাতের সময় প্রয়োজনীয় সব আইনি নথি সঙ্গে নিয়ে যেতে হবে।
একাধিক আবেদন না করার সতর্কতা
একই উদ্দেশ্যে করা কোনো আবেদন প্রক্রিয়াধীন থাকলে নতুন করে একাধিক আবেদন না করার বিষয়ে সতর্ক করেছে আইমা।
সংস্থাটি জানিয়েছে, নতুন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা কেবল পর্তুগালের বিদেশি নাগরিক আইনের ১২২(১)(কে) ধারার আওতায় পড়া ব্যক্তিদের জন্য। এ ধারার শর্ত পূরণ করে না—এমন আবেদন বিবেচনা করা হবে না।
পর্তুগালের বিদেশি নাগরিক আইনের এ বিধান অনুযায়ী, বিশেষ কিছু পরিস্থিতিতে আগাম রেসিডেন্স ভিসা ছাড়াই বসবাসের অনুমতিপত্র দেওয়া যায়। পর্তুগালে বসবাসরত অপ্রাপ্তবয়স্ক পর্তুগিজ নাগরিক সন্তানের যেসব বিদেশি বাবা-মা সন্তানের প্রতি তাঁদের অভিভাবকত্ব ও আর্থিক দায়িত্ব পালনের প্রমাণ দিতে পারবেন, তাঁদের জন্য এ প্রক্রিয়া বিকল্প সুযোগ তৈরি করছে।


