‘লন্ডন টি এক্সচেঞ্জ’-এর সঙ্গে যুক্ত হয়ে সিলেটের চাকে বিশ্ববাজারে, বিশেষ করে ইউরোপে পরিচিত করতে চান পর্তুগালের রাজপরিবার হাউস অব ব্রাগাঞ্জার সদস্য ডাচেস অব কোইমব্রা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা।
মঙ্গলবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘লন্ডন টি এক্সচেঞ্জ’-এর নিজস্ব আউটলেটে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেটে উৎপাদিত বিশেষ চায়ের ব্র্যান্ড ‘সিলেট টি—দ্য ব্রাগাঞ্জা ব্লেন্ড’-এর উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে পর্তুগিজ রাজকন্যা বলেন, ‘আমরা সিলেট টি ব্র্যান্ডটিকে আরও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। কারণ, এটি সত্যিই অসাধারণ। বাংলাদেশও আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।’
সিলেটের বিশেষ এই চায়ের সঙ্গে পর্তুগিজ রাজপরিবার হাউস অব ব্রাগাঞ্জার ঐতিহ্য যুক্ত করে ব্র্যান্ডটির নামকরণ করা হয়েছে।
বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতিতে চায়ের গুরুত্ব তুলে ধরে ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা নিজের পরিবারের ইতিহাসের কথাও বলেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, চা বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আমার পূর্বপুরুষই এটি ইংল্যান্ডে নিয়ে গিয়েছিলেন। তাই বিষয়টি আমার কাছে খুবই অর্থবহ।’
তিনি আরও বলেন, ‘এই প্রকল্প এবং লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত হতে পারা অত্যন্ত সম্মানের বিষয়। আমার পরিবারের নামে একটি চা থাকা খুবই বিশেষ ব্যাপার।’
বাংলাদেশের চায়ের ঐতিহ্য ও সম্ভাবনার প্রশংসা করে ইউরোপের বিভিন্ন দেশে সিলেটের চায়ের পরিচিতি বাড়াতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশের চায়ের দরপতন, নিলামমূল্য ও অর্থায়নসংকট নিয়েও আলোচনা হয়। লন্ডন টি এক্সচেঞ্জ ও গ্লোবাল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শেখ আলিউর রহমান বলেন, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে চায়ের দাম বাড়ানো এবং বাগানগুলোর জন্য কম সুদে অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
ভারত আসাম ও দার্জিলিং এবং শ্রীলঙ্কা সিলন চায়ের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে শক্তিশালী আঞ্চলিক ব্র্যান্ড তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও সিলেটের চাকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এ লক্ষ্যেই বাংলাদেশের উন্নতমানের চা সংগ্রহ, মান নিয়ন্ত্রণ, ব্র্যান্ডিং ও রপ্তানিতে বিশেষ উদ্যোগ নিয়েছে লন্ডন টি এক্সচেঞ্জ বলে জানান তিনি।
শেখ আলিউর রহমানের দাবি, সিলেটে প্রতিষ্ঠানটির প্যাকেজিং ইউনিট, চা পরীক্ষার সুবিধা ও গুদাম স্থাপন করা হয়েছে। এসব অবকাঠামো বাংলাদেশের চায়ের মান নিয়ন্ত্রণ ও রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে সহায়তা করবে।
অনুষ্ঠানে সাংবাদিকেরা চা শ্রমিকদের মজুরি নিয়ে প্রশ্ন করলে শেখ আলিউর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে চায়ের দাম ও নিলামমূল্য কম থাকায় অনেক বাগান লোকসানে পড়েছে। তাঁর মতে, চা সস্তা পণ্য নয়। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রাখতে নিলামমূল্য বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, ‘২০ বছর আগের দামের সঙ্গে বর্তমান দামের তুলনা করলে দেখবেন, অন্য যেকোনো পণ্যের তুলনায় চা অনেক পিছিয়ে পড়েছে।’
চায়ের দাম বাড়লে এর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে বলেও মত দেন তিনি। এ ক্ষেত্রে চা বাগানের অর্থায়নকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন।
শেখ আলিউর রহমান বলেন, চা এখনো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকায় বাগানগুলোর অর্থায়নে সুদের হার অনেক বেশি।
চায়ের রপ্তানি বাড়ানো ও বিদেশে নতুন বাজার তৈরির ওপরও জোর দেন তিনি। তাঁর ভাষায়, বিদেশে বাজার তৈরি করতে পারলে চা বাগানগুলোও মানসম্মত উৎপাদনে আরও মনোযোগী হতে পারবে। এতে শ্রমিকদের মজুরি বাড়ানোর সুযোগও তৈরি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লন্ডন টি এক্সচেঞ্জ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিকুর রহমান চৌধুরী।


