ইউরোপের দেশ গ্রিস থেকে বাংলাদেশিসহ এশিয়া ও আফ্রিকার নয়টি দেশের ১১৪ জন অনিয়মিত অভিবাসী স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফিরে গেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বিশেষ উড়োজাহাজে তাঁদের প্রত্যাবাসন করা হয়েছে। গ্রিসের ইতিহাসে আইওএমের ব্যবস্থাপনায় এটিই সবচেয়ে বড় স্বেচ্ছা প্রত্যাবাসনের ঘটনা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আশ্রয়, অভিবাসন ও সংহতি তহবিলের সহায়তায় পরিচালিত স্বেচ্ছায় প্রত্যাবর্তন ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এ কার্যক্রম সম্পন্ন হয়।
মন্ত্রণালয় জানায়, গত ২৪ নভেম্বর বিশেষ উড়োজাহাজে ১১৪ জন অভিবাসী নিজ নিজ দেশে ফিরে যান। তাঁদের কারও গ্রিসে বৈধভাবে বসবাসের অনুমতি ছিল না। তাঁরা স্বেচ্ছায় প্রত্যাবর্তন কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁদের অধিকাংশই গ্রিসের বিভিন্ন শহরের নগর এলাকায় অনিয়মিতভাবে বসবাস করছিলেন। তাঁদের ফিরে যাওয়ায় স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ কমবে বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ।
প্রত্যাবাসন কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের জাতীয়তার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। আগে জর্জিয়ার নাগরিকদের অংশগ্রহণ বেশি থাকলেও বর্তমানে সিরিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিকদের সংখ্যা বাড়ছে।
অভিবাসীদের বিদায়ের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস। তিনি বলেন, অনিয়মিত অভিবাসন মোকাবিলা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ২০২৬ সালের প্রথম ১০ মাসে আইওএমের মাধ্যমে স্বেচ্ছায় প্রত্যাবাসনের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৪ শতাংশ বেড়েছে।
মন্ত্রী আরও জানান, গত বছরের তুলনায় গ্রিস থেকে বহিষ্কারের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। এ ছাড়া আশ্রয় পাওয়ার যোগ্য নন, এমন ব্যক্তিদের জোরপূর্বক প্রত্যাবাসনের হার বেড়েছে ৩৫ শতাংশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্লেভরিস বলেন, প্রত্যাবাসন এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে দেশটিতে অভিবাসীদের প্রত্যাবাসনের সংখ্যা বাড়ার পাশাপাশি নতুন অভিবাসীদের আগমন কমছে। চলতি বছরের প্রথম ১১ মাসে গ্রিসে প্রায় ৪০ হাজার অভিবাসীর আগমন নথিভুক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৫ হাজার লিবিয়া থেকে সমুদ্রপথে ক্রিট দ্বীপে পৌঁছেছেন।


