স্পেনের সাধারণ নির্বাচনের কয়েক দিন আগে ১০ কোটি ইউরোর বেশি সম্পদের ওপর নতুন কর আরোপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার তিনি জানান, এই কর থেকে পাওয়া অর্থ শিশু যত্ন, আবাসন ও জনসেবা খাতে ব্যয় করা হবে।
মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রোববারের আগাম নির্বাচন সামনে রেখে সানচেজের সোশ্যালিস্ট পার্টি রক্ষণশীল পপুলার পার্টির (পিপি) সঙ্গে নিজেদের নীতিগত পার্থক্য তুলে ধরার চেষ্টা করছে। সানচেজের অভিযোগ, পিপি কেবল ধনী ও আর্থিকভাবে স্বাবলম্বী ব্যক্তিদের জন্য কর কমাতে চায়।
জনমত জরিপ অনুযায়ী, নির্বাচনে পিপি সবচেয়ে বেশি আসন পেতে পারে। তবে দলটি এককভাবে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হতে পারে। সে ক্ষেত্রে কট্টর ডানপন্থী দল ভক্স সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আয়ের বৈষম্য ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হলেও সবচেয়ে ধনী ০.১ শতাংশ মানুষের হাতে এখনো মোট সম্পদের ১০ শতাংশের বেশি রয়েছে। ২০১০ সাল থেকে তাদের সম্পদের এই অংশ ক্রমাগত বেড়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ১০ কোটি ইউরোর বেশি সম্পদের ওপর কর আরোপের প্রস্তাব করছি। এর মাধ্যমে শিশু লালন-পালন ভাতা, আবাসন ও উন্নত জনসেবায় অর্থায়ন করা যাবে। বিপুল সম্পদ যেন সাধারণ মানুষের কল্যাণেও কাজে লাগে।’
সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের বামপন্থী রাজনীতিকেরা সম্পদের বৈষম্য কমাতে ধনীদের ওপর কর আরোপের পক্ষে অবস্থান নিয়েছেন। এ ধরনের প্রস্তাবের মাধ্যমে তাঁরা বৈষম্য নিয়ে মানুষের অসন্তোষ মোকাবিলা এবং নিজেদের ভোটারদের সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন।
তবে ব্যবসায়ী গোষ্ঠীগুলো সাধারণত এ ধরনের করের বিরোধিতা করে আসছে। তাদের সতর্কতা, এমন করের কারণে চাকরি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা উদ্যোক্তারা দেশ ছাড়তে পারেন।
স্পেনে অবশ্য ২০২২ সালে চালু হওয়া বড় সম্পদের ওপর ‘সংহতি কর’ রয়েছে। ৩০ লাখ ইউরোর বেশি নিট সম্পদের ক্ষেত্রে এই কর প্রযোজ্য। আঞ্চলিক সম্পদ করের পাশাপাশি জাতীয় তহবিলে ধনীদের অবদান নিশ্চিত করতেই এটি চালু করা হয়েছিল।
অন্যদিকে, পিপি মধ্য ও নিম্ন আয়ের মানুষ এবং তরুণ কর্মীদের জন্য কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি প্রযুক্তি ও ডিজিটালাইজেশনে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কর প্রণোদনার পরিকল্পনাও তুলে ধরেছে দলটি।


