ব্রেক্সিটের এক দশক পর সম্পর্ক পুনর্গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে। খাদ্য ও পানীয় বাণিজ্য, কার্বন নিঃসরণ বাণিজ্য এবং তরুণদের জন্য নতুন কর্মসূচিসহ তিনটি গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে চুক্তিতে পৌঁছেছে দুই পক্ষ। তবে ইইউভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য কত টিউশন ফি দেবেন, সে বিষয়ে এখনো সমঝোতা হয়নি। খবর দ্য গার্ডিয়ানের।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট জানিয়েছে, চুক্তিটি চূড়ান্ত হয়েছে এবং এ নিয়ে আলোচনা শেষ হয়েছে। এক বিবৃতিতে নম্বর টেনের এক মুখপাত্র বলেন, ‘চুক্তি সম্পন্ন হয়েছে, আলোচনা শেষ হয়েছে।’
যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হওয়া এই ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ চুক্তিকে স্বাগত জানিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। ইইউ-যুক্তরাজ্য শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘এটি ব্রিটেনের জন্য একটি শুভ দিন, ইউরোপের জন্যও একটি শুভ দিন। এই চুক্তির ফলে ইউরোপ ও যুক্তরাজ্যের মানুষ বাস্তব সুফল পাবেন।’
বার্নহ্যাম বলেন, চুক্তিটি নিত্যপণ্যের দাম কমানোর সম্ভাবনা তৈরি করেছে। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আমলাতান্ত্রিক জটিলতাও কমবে।
তিনি আরও বলেন, অবৈধ অভিবাসন নিয়ে উদ্বিগ্ন ব্যক্তিরা চ্যানেল অ্যাকশন পরিকল্পনায় ব্রিটেনের অবদানের কথা শুনে খুশি হবেন। তরুণদের জন্যও এটি একটি ইতিবাচক দিন। অবশেষে তাঁদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলছে।
এর আগে ব্রাসেলসে সম্মেলনস্থলে অ্যান্ডি বার্নহ্যাম পৌঁছানোর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র। সেখানে তাঁকে স্বাগত জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
মুখপাত্র জানান, চুক্তির আওতায় তরুণদের বসবাস কর্মসূচি, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) চুক্তি এবং কার্বন নিঃসরণ বাণিজ্য কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে দুই পক্ষ। এসব কর্মসূচি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়েও একমত হয়েছে তারা। নির্ধারিত তারিখগুলো যথাসময়ে প্রকাশিতব্য যৌথ বিবৃতিতে উল্লেখ করা হবে।
তিনি আরও বলেন, অন্যান্য আন্তর্জাতিক চুক্তির মতো এসব উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ছাড়া কিছু বিষয়ে আলোচনা এখনো চলছে। পরবর্তী যৌথ বিবৃতিতে সেগুলোর বিস্তারিত জানানো হবে।


