পর্তুগালের অভিবাসন সংস্থা আইমা-সংক্রান্ত মামলার জট কমাতে আরও ১০ জন বিচারক নিয়োগ দিচ্ছে দেশটির সুপিরিয়র কাউন্সিল অব অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ট্যাক্স কোর্টস (সিএসটিএএফ)। ইসিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৭ নভেম্বর নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। আইমার বিরুদ্ধে করা হাজার হাজার মামলা এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
সিএসটিএএফের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৭ জানুয়ারি পর্তুগালের লিসবন প্রশাসনিক আদালতে বিদেশি নাগরিকদের প্রবেশ ও অবস্থানসংক্রান্ত ১ লাখ ২৪ হাজার ৭৯৩টি মামলা বিচারাধীন ছিল। ফেব্রুয়ারিতে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৯ হাজার ২৩৯টিতে।
এর আগে গত মার্চে আইমা-সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ দলে বিচারক নিয়োগে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করে সিএসটিএএফ। ৭ এপ্রিল ২৮ জন বিচারককে নিয়ে দলটির কার্যক্রম শুরু হয়। তাঁরা নিজ নিজ আদালতের দায়িত্ব পালনের পাশাপাশি বিশেষ দলের কাজও করছিলেন।
২৮ দশমিক ৮ শতাংশ কমেছে মামলার জট
বিশেষ দলটির কার্যক্রম শুরুর পর মামলার জট কিছুটা কমেছে, তবে সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৮৯ হাজার মামলা নিষ্পত্তির অপেক্ষায় ছিল। এপ্রিলে দলটির কাজ শুরুর সময় বিচারাধীন মামলার সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২৫ হাজার। অর্থাৎ, এ সময়ে মামলার জট ৩৬ হাজার বা ২৮ দশমিক ৮ শতাংশ কমেছে।
তবে নতুন মামলা আসা বন্ধ হয়নি। ১ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে লিসবন প্রশাসনিক আদালতে আইমা-সংক্রান্ত আরও ৩ হাজার ৬৮৩টি মামলা জমা পড়ে। প্রতিদিন গড়ে ২০৪টি করে নতুন মামলা আসে। এসব মামলা ছয়জন বিচারকের মধ্যে বণ্টন করা হয়। তবে এগুলো বিশেষ দলের আওতায় ছিল না বলে জানিয়েছে ইসিও নিউজ।
মামলার বিপুল চাপের কারণে গত ২২ সেপ্টেম্বর সিএসটিএএফ বিশেষ দলটির কার্যক্রম ২০২৭ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এবার আরও ১০ জন বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়।
প্রশাসনিক জটিলতায় আদালতের দ্বারস্থ অভিবাসীরা
বিদেশি নাগরিকদের বিভিন্ন আবেদনের বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত দিতে দীর্ঘসূত্রতার কারণে আদালতে মামলার সংখ্যা বেড়েছে। বছরের পর বছর ধরে হাজারো অভিবাসী অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, বসবাসের অনুমতির আবেদন পর্যালোচনা এবং প্রয়োজনীয় নথি ইস্যুর মতো বিষয়ে প্রশাসনকে পদক্ষেপ নিতে বাধ্য করতে আদালতের শরণাপন্ন হয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে পর্তুগালের ফরেনার্স অ্যান্ড বর্ডারস সার্ভিস (এসইএফ) বিলুপ্ত করে আইমা গঠন করা হয়। এর ফলে অভিবাসনসংক্রান্ত প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি বিপুলসংখ্যক অনিষ্পন্ন আবেদনও সংস্থাটির ওপর বর্তায়।
নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়ায় সাড়া না পাওয়ায় অনেক বিদেশি নাগরিক আদালতের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজেন।
গত ৭ অক্টোবর পর্তুগালের প্রেসিডেন্সিমন্ত্রী আন্তোনিও লেইতাও আমারো জানান, আইমার পরিচালনা পর্ষদের সদস্য সেজার তেইশেইরা সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে পেদ্রো পর্তুগাল গাসপারের স্থলাভিষিক্ত হবেন। বিশেষ দলের কার্যক্রমের প্রথম পর্যায়ের ফলাফলকে ‘খুব ইতিবাচক’ উল্লেখ করে তিনি বলেন, এখন ভিন্ন অগ্রাধিকার নিয়ে নতুন একটি পর্যায় শুরু করা প্রয়োজন।
আইনগত পরিবর্তন এবং নতুন মামলার সংখ্যা কমে এলেও জমে থাকা মামলার বিপুল চাপ এখনো পর্তুগালের প্রশাসনিক ও কর আদালতগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। এই জট কমাতে বিচারক নিয়োগের মাধ্যমে নিষ্পত্তির গতি বাড়ানোর চেষ্টা করছে সিএসটিএএফ।


