চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে ইউরোপে উদ্বেগ তৈরি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়াল্টা সম্মেলনে যেভাবে পরাশক্তিগুলো নিজেদের মধ্যে বিশ্বকে প্রভাব বলয়ে ভাগ করে নিয়েছিল, নতুন এই বৈঠকেও তেমন কোনো সমঝোতার পথ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
গত ৪ নভেম্বর মস্কোর রেড স্কয়ারের মানেজে আয়োজিত একটি প্রদর্শনীতে একদল স্কুলশিক্ষার্থীকে নিয়ে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে ১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ইয়াল্টা সম্মেলনে অংশ নেওয়া তিন নেতার ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সম্মেলনটির ইতিহাস ব্যাখ্যা করেন তিনি।
ওই সম্মেলনে অংশ নিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন।
শিক্ষার্থীদের পুতিন বলেন, তিনটি প্রধান শক্তির নেতারা তখন যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে আলোচনা করতে একত্র হয়েছিলেন।
ইয়াল্টা সম্মেলনের প্রায় ৮১ বছর পর একই ধরনের আরেকটি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে ১৮ ও ১৯ নভেম্বর বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশ নিতে তিন নেতাই তখন শেনজেনে অবস্থান করবেন।
বৈঠক আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস।
অক্টোবরের মাঝামাঝি ক্রেমলিনের পক্ষ থেকে এ ধরনের বৈঠকের প্রস্তাব দেওয়ার খবর প্রকাশের পর থেকেই ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে।
কারণ, প্রস্তাবিত বৈঠকের সঙ্গে অনেকেই কৃষ্ণ সাগর উপকূলে রুশ জারদের সাবেক বাসস্থান ইয়াল্টায় অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনের মিল খুঁজে পাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে সেখানে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন মিত্রশক্তির তিন নেতা।
ইয়াল্টা সম্মেলনের ঐতিহাসিক প্রেক্ষাপট
১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে জার্মানির পরাজয়ের পর সোভিয়েত ইউনিয়নকে জাপানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে রাজি করান রুজভেল্ট ও চার্চিল।
এর বিনিময়ে পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব বিস্তারের বিষয়টি মেনে নেওয়া হয়। পাশাপাশি পূর্ব এশিয়া নিয়ে একটি গোপন সমঝোতাও হয়।
চুক্তি অনুযায়ী, সোভিয়েত ইউনিয়ন জাপানের কাছ থেকে দক্ষিণ সাখালিন ও কুরিল দ্বীপপুঞ্জ অধিগ্রহণ করবে। চীনের পোর্ট আর্থারে সোভিয়েত সামরিক ঘাঁটি পুনঃপ্রতিষ্ঠা এবং মাঞ্চুরিয়ায় সোভিয়েত ইউনিয়নের বিশেষ অর্থনৈতিক স্বার্থের স্বীকৃতিও দেওয়া হয়।
পরবর্তী সময়ে ‘ইয়াল্টা’ শব্দটি পূর্ব ইউরোপে পরাশক্তিগুলোর মধ্যে দর-কষাকষির প্রতীক হয়ে ওঠে। ছোট দেশগুলোর মতামত উপেক্ষা করে বৃহৎ শক্তিগুলোর নিজেদের মধ্যে বিশ্বকে প্রভাব বলয়ে ভাগ করে নেওয়ার ধারণার সঙ্গে নামটি জড়িয়ে যায়।
এ কারণেই নতুন ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, বৈঠকটি যেন ‘ইয়াল্টা-২, ৩ বা ৪’-এ পরিণত না হয়। অর্থাৎ বড় শক্তিগুলো যেন নিজেদের মধ্যে দর-কষাকষি করে বিভিন্ন অঞ্চলে প্রভাব বলয় পুনর্বণ্টনের সিদ্ধান্ত না নেয়।
জেলেনস্কির আশঙ্কা, আলাস্কার পর রুশ কর্মকর্তারা যেভাবে নতুন ইয়াল্টা সম্মেলনের প্রস্তাব সামনে আনছেন, তাতে পরিস্থিতি এগোলে এটি রাশিয়ার জন্য আরেকটি বড় কূটনৈতিক সাফল্য হয়ে উঠতে পারে।
অন্যদিকে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যেকোনো আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎজ।
তাঁর মতে, শান্তিচুক্তির গুরুত্বপূর্ণ বিষয়—নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নির্ধারণ—ইউরোপীয় দেশগুলোর উপস্থিতি ছাড়া চূড়ান্ত করা সম্ভব নয়। এ প্রক্রিয়ায় ইউরোপের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা প্রয়োজন।
বৈঠকের উদ্দেশ্য নিয়ে ভিন্ন অবস্থানে তিন নেতা
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন হয়তো ইউক্রেন যুদ্ধ শেষ করতে আগ্রহী। তবে তিনি চান, যুদ্ধের অবসান ঘটুক রাশিয়ার শর্ত অনুযায়ী এবং এ বিষয়ে অন্য পরাশক্তিগুলোর সমর্থন থাকুক।
তবে ট্রাম্প ও সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে ঠিক কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান পুতিন, তা এখনো পরিষ্কার নয়।
রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, আলোচনার বিষয়গুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে তাঁর ধারণা, কোনো না কোনোভাবে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ বৈঠকে আসবে।
ট্রাম্প অবশ্য বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচি নিয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন। পুতিন ও সি চিন পিংয়ের সঙ্গে দেখা করতে আগ্রহী হলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার পরিকল্পনা তাঁর নেই বলে জানিয়েছেন তিনি।
ট্রাম্পের ভাষায়, দুই নেতার সঙ্গে তাঁর বৈঠকে পারমাণবিক অস্ত্র ও পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি আলোচনায় আসতে পারে।
ওয়াশিংটনের আমেরিকান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও চীন বিশেষজ্ঞ জোসেফ তুরিগিয়ানের মতে, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় সরাসরি যুক্ত হতে চায় না চীন। কারণ, তাতে এই সংঘাতে বেইজিংয়ের সম্পৃক্ততা আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।
তাঁর ব্যাখ্যা, ইউরোপকে বাদ দিয়ে এ ধরনের আলোচনা হলে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীন সমর্থন দিচ্ছে—এমন ধারণা আরও জোরালো হবে। অথচ বেইজিং এ ধরনের ধারণা এড়িয়ে চলতে চায়।
পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার ক্ষেত্রেও চীনের আপত্তি থাকতে পারে বলে মনে করেন তুরিগিয়ান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত চীনের তুলনায় অনেক বড়। এ ছাড়া নিজেদের তুলনামূলক ছোট পারমাণবিক অস্ত্রভান্ডারের পরিমাণ ও সক্ষমতা গোপন রাখার মধ্যেও কৌশলগত সুবিধা দেখে বেইজিং। ফলে অন্য দেশগুলোকে নিজেদের পারমাণবিক কর্মসূচির প্রকৃত চিত্র জানাতে আগ্রহী নয় চীন।
বৈঠক থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রত্যাশা
প্রস্তাবিত বৈঠক থেকে রাশিয়ার স্বার্থ অনেকটাই স্পষ্ট। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ইউরোপকে বাইরে রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা যে সফল হয়নি, সেটিও দেখাতে চায় মস্কো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পেরও এ ধরনের বৈঠকের প্রতি আগ্রহ রয়েছে।
তুরিগিয়ানের মতে, বৈঠকের আনুষ্ঠানিকতা ও রাজনৈতিক গুরুত্বের বিষয়টি ট্রাম্পের কাছে বিশেষ আকর্ষণীয়। এর মাধ্যমে তিনি নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরতে পারবেন, যিনি বিশ্বের প্রধান শক্তিগুলোকে এক টেবিলে বসিয়েছেন এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছেন।
তবে এ বৈঠক থেকে চীনের লাভ কী হবে, তা এখনো পরিষ্কার নয়।
তুরিগিয়ান মনে করিয়ে দেন, ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলন চীনের জন্যও সুখকর কোনো স্মৃতি নয়। ওই সময় ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের নেতারা চীনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেও দেশটির নিজস্ব কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না।
জাপানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার বিনিময়ে স্ট্যালিন মাঞ্চুরিয়ায় সোভিয়েত স্বার্থের স্বীকৃতিসহ বেশ কিছু কঠিন শর্ত আদায় করেছিলেন। বিষয়টি চীনা নেতাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করে।
১৯৪৯ সালে চীনে কমিউনিস্টদের বিজয়ের পরও মাও জেদং সোভিয়েত ইউনিয়নের এসব দাবিকে দুই দেশের মধ্যে মতবিরোধের অন্যতম কারণ হিসেবে দেখেছিলেন। পরবর্তী সময়ে চীন-সোভিয়েত বিভেদের পেছনেও এ ধরনের বিরোধ ভূমিকা রাখে।
তুরিগিয়ানের মতে, এ কারণে ইয়াল্টা সম্মেলন চীনের কাছেও একটি বেদনাদায়ক ঐতিহাসিক স্মৃতি।
বিশ্বে প্রভাব বলয় প্রতিষ্ঠার প্রতিযোগিতা
ইয়াল্টা সম্মেলনে পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাব বিস্তারের বিষয়টি ঠিক কতটা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছিল, তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে।
১৯৪৫ সালের ফেব্রুয়ারির মধ্যে সোভিয়েত রেড আর্মি রোমানিয়া, বুলগেরিয়া এবং পোল্যান্ড, হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়ার বড় অংশ দখলে নিয়েছিল।
বর্তমান পরিস্থিতি অবশ্য ১৯৪৫ সালের সঙ্গে পুরোপুরি মেলে না। ইউক্রেনের যেসব অঞ্চলকে রাশিয়া নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করেছে, সেগুলোর সবটুকুও এখন পর্যন্ত রুশ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নেই। তাছাড়া প্রস্তাবিত বৈঠকের তিন অংশগ্রহণকারীর মধ্যে সরাসরি যুদ্ধে জড়িত একমাত্র দেশ রাশিয়া।
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্সিন কাজমারস্কির মতে, এখনো বিশ্বকে স্পষ্টভাবে বিভিন্ন প্রভাব বলয়ে ভাগ করার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী রাশিয়া।
তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলেও পশ্চিম গোলার্ধকে মার্কিন প্রভাব বলয় হিসেবে বিবেচনার বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে তাইওয়ানের প্রতি সমর্থন ধরে রাখা এবং লাতিন আমেরিকায় চীনের প্রভাব মোকাবিলা করাও ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ স্বার্থ।
রাশিয়া নিজেকে যুক্তরাষ্ট্র ও চীনের সমমর্যাদার পরাশক্তি হিসেবে তুলে ধরতে চায়। চীনের সরকারি বিবৃতিতেও প্রায়ই মস্কোকে সমকক্ষ শক্তি হিসেবে উল্লেখ করা হয়।
কিন্তু কাজমারস্কির মতে, বাস্তবে চীনের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা রাশিয়াকে নিজেদের সমমর্যাদার শক্তি মনে করেন না। তাঁদের বিবেচনায় যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যাকে চীন প্রকৃত সমকক্ষ হিসেবে দেখে।
তাঁর মতে, ট্রাম্প ও পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিলে আন্তর্জাতিক অঙ্গনে চীনের গ্রহণযোগ্যতা বাড়তে পারে। একই সঙ্গে সি চিন পিংকে একজন প্রভাবশালী বৈশ্বিক রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
তবে এমন বৈঠকের কারণে ইউরোপের সঙ্গে সম্পর্কে অস্বস্তি তৈরি হোক, সেটি বেইজিং চাইবে না বলেও মনে করেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের নীতিনির্ধারকদের কাছে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্ব কিছুটা কমলেও বাণিজ্যিক অংশীদার হিসেবে ইউরোপের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এখনো তাদের স্বার্থের অংশ।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের অবস্থান নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে তাঁর বৈশ্বিক অবস্থান আরও শক্তিশালী করতে চীন কতটা আগ্রহী হবে, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করেন কাজমারস্কি।
পুতিনের জন্য প্রতীকী বিজয়ের সুযোগ
২০০০-এর দশকে পূর্ব ইউরোপ সফরের সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ একাধিকবার ইয়াল্টা চুক্তির সমালোচনা করেছিলেন। তিনি চুক্তিগুলোকে ঐতিহাসিক অন্যায়ের প্রতীক হিসেবে তুলে ধরেন।
দ্য নিউইয়র্ক টাইমসের সে সময়কার প্রতিবেদন অনুযায়ী, বুশের এসব বক্তব্যের মূল লক্ষ্য ছিল রাশিয়ার নেতৃত্বকে বার্তা দেওয়া।
প্রায় ২৫ বছর পর পুতিন যদি যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের ইয়াল্টা সম্মেলনের আদলে একই টেবিলে বসাতে পারেন, তাহলে তা তাঁর জন্য বড় ধরনের প্রতীকী সাফল্য হবে।
এমনকি বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনো চুক্তি বা সিদ্ধান্ত না এলেও তিন পরাশক্তির নেতাদের একত্র করার ঘটনাটিই আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার অবস্থান তুলে ধরার ক্ষেত্রে মস্কোর জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হতে পারে।


