পর্তুগালের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা কমবইওশ দে পর্তুগাল (সিপি) শহর ও আঞ্চলিক রেল নেটওয়ার্ক শক্তিশালী করতে ১৫৩টি নতুন বৈদ্যুতিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন কিনছে। ১০৬ কোটি ৪০ লাখ ইউরোর এ প্রকল্প দেশটির রেলওয়ে রোলিং স্টক কেনার ইতিহাসে সবচেয়ে বড়।
বহুজাতিক রেল নির্মাতা আলস্টমের কাছ থেকে ট্রেনগুলো কিনছে সিপি। এর মধ্যে ৮১টি ট্রেন মাতোসিনহোসের ভবিষ্যৎ গুইফোয়েস কারখানায় তৈরি হবে। বাকি ৭২টি ট্রেন সংযোজন করা হবে স্পেনের বার্সেলোনার সান্তা পেরপেতুয়া শিল্পকারখানায়।
স্পেনে শিল্প উৎপাদনের কাজ ২০২৭ সালে শুরু হওয়ার কথা। ২০২৯ সালে প্রথম ট্রেনগুলো বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। সবশেষ ট্রেন ২০৩১ সালের মধ্যে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
মাতোসিনহোসে নতুন কারখানা নির্মাণের কাজ জুলাইয়ে শুরু হয়ে প্রায় এক বছর চলবে। প্রকল্পটি স্থানীয় অর্থনীতিতে কর্মসংস্থানও তৈরি করবে। এতে সরাসরি প্রায় ৩০০টি এবং পরোক্ষভাবে আরও প্রায় ১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।
২৪ নতিশিয়াসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে পর্তুগালে নিয়োগ পাওয়া কিছু কর্মী দেশীয় সংযোজন লাইন চালুর আগে বার্সেলোনার কারখানায় বিশেষায়িত কারিগরি প্রশিক্ষণ নেবেন। পরে লিসবন ও পোর্তোর শহরতলির রেলসেবার জন্য নির্ধারিত ট্রেনগুলো পর্তুগালেই সংযোজন করা হবে।
চুক্তিতে থাকা অপশন ধারা কার্যকর করায় সিপি প্রাথমিক ১১৭টি ট্রেনের অর্ডার বাড়িয়ে ১৫৩টি করেছে।
স্পেনে তৈরি হতে যাওয়া ট্রেনগুলোর মধ্যে ৫৫টি আঞ্চলিক রেলসেবার জন্য নির্ধারিত। এসব ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। বর্তমানে ব্যবহৃত সিরিজ ২২৪০ রোলিং স্টকের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার। ১৯৭০ ও ১৯৮০-এর দশকের এসব পুরোনো ট্রেন ধীরে ধীরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আলস্টম পর্তুগালের প্রকল্প ব্যবস্থাপকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়ে প্রথম ট্রেনগুলোকে সেবায় আনার লক্ষ্যে দুই কোম্পানির কারিগরি ও প্রকৌশল দল শিল্প উৎপাদন পরিকল্পনা নিয়ে কাজ করছে।


