পর্তুগালসহ পাঁচটি গুরুত্বপূর্ণ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের একযোগে প্রত্যাহার করেছে বর্তমান সরকার। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে তাদের অতিসত্বর ঢাকার সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত এম মাহফুজুল হককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। লিসবনে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ মিশনটি গত কয়েক বছরে প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আলোচনায় ছিল। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এই কূটনীতিককে এখন লিসবন ছেড়ে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরে আসতে হবে।
পর্তুগাল ছাড়াও আরও চার দেশের শীর্ষ কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন:পোল্যান্ড এর,মো. ময়নুল ইসলাম,মেক্সিকো এর এমমুশফিকুল ফজল আনসারী, মালদ্বীপের মো. নাজমুল ইসলাম ও যুক্তরাজ্যের লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে সদর দপ্তরে বদলি করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রশাসনিক ও কৌশলগত কারণে এই রদবদল করা হয়েছে। এসব মিশনে নতুন করে কাদের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে সরকার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। উল্লিখিত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের নির্ধারিত সময়ের মধ্যে লিসবন, লন্ডন ও অন্যান্য কর্মস্থল ছেড়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।


