ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ এবং প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করে আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে বিতর্কিত শিক্ষা সংস্কার বিলটি অনুমোদিত হয়।
বিলের পক্ষে ভোট দেন ১৪২ জন সংসদ সদস্য, বিপক্ষে ভোট পড়ে ১১২টি। ভোটদান থেকে বিরত ছিলেন চারজন। এর আগে গত ২০ নভেম্বর দেশটির সিনেটে বিলটি অনুমোদন পেয়েছিল।
নতুন আইনে ইতালির স্কুলে মুসলিম ছাত্রীরা শ্রেণিকক্ষে বোরকা ও নিকাবের মতো মুখ ঢাকা পোশাক পরতে পারবেন না। পাশাপাশি, প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।
তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকা বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের ক্ষেত্রে এই কোটা প্রযোজ্য হবে না। এ ছাড়া বিদেশি অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্স চালুর কথাও বলা হয়েছে আইনে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং ডিজিটাল রূপান্তরের নিয়মাবলিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
পার্লামেন্টে চূড়ান্ত ভোটের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। অধিবেশন কক্ষে প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। সেগুলোতে লেখা ছিল, ‘স্কুলে কেউ বিদেশি নয়’।
বিরোধী দলগুলোর অভিযোগ, শিক্ষা খাতের মূল সমস্যাগুলো সমাধান না করে সরকার বৈষম্যমূলক আইন করছে। ফাইভ স্টার মুভমেন্টের সংসদ সদস্য আন্তোনিও কাসো বলেন, শ্রেণিকক্ষে কতজন বিদেশি শিশু রয়েছে, সেটি সমস্যা নয়। বরং সবার শিক্ষার অধিকার নিশ্চিত করতে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষা উপকরণ সরবরাহ করাই মূল বিষয়।
তিনি আরও বলেন, স্কুল ভবনের নিরাপত্তা কিংবা শিক্ষকদের কম বেতনের মতো জরুরি সমস্যা সমাধানে এই আইনে কিছুই নেই। বরং এটি বৈষম্য ও বর্ণবাদকে উসকে দেবে।
ডেমোক্রেটিক পার্টির শিক্ষা বিষয়ক প্রধান ইরেনে মানজিও আইনটির সমালোচনা করেন। তিনি বলেন, ৩০ শতাংশের সীমা ছাড়িয়ে গেলে শিক্ষার্থীদের এক স্কুল থেকে অন্য স্কুলে সরিয়ে নেওয়া হবে। তাদের জীবন ও পরিবেশের কথা বিবেচনা না করে পার্সেলের মতো স্থানান্তর করা হবে। এটি একটি দূরদর্শিতাহীন আইন।
বিরোধীদের সমালোচনার মুখেও আইনটি পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন জোট। এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা বলেন, এই ভোট সরকারের সংস্কারমূলক কাজের প্রতি জোটের ঐক্যের বড় প্রমাণ।


