ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নন-ইলেকট্রিক সাইকেল উৎপাদনে ২০২৫ সালে চতুর্থ অবস্থানে ছিল পর্তুগাল। গত বছর দেশটিতে প্রায় ৮ লাখ ৭৮ হাজার সাইকেল তৈরি হয়েছে। এর মধ্যে ৮ লাখ ৩৯ হাজার ছিল প্রচলিত সাইকেল, আর প্রায় ৩৮ হাজার ছিল ইলেকট্রিক সাইকেল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইউরোস্ট্যাট প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, নন-ইলেকট্রিক সাইকেল উৎপাদনে পর্তুগালের আগে রয়েছে রোমানিয়া, ইতালি ও জার্মানি।
তালিকার শীর্ষে থাকা রোমানিয়ায় গত বছর ২১ লাখ সাইকেল উৎপাদিত হয়েছে। ইতালি ও জার্মানিতে তৈরি হয়েছে প্রায় ১২ লাখ করে। পর্তুগালের পর পঞ্চম অবস্থানে রয়েছে পোল্যান্ড, যেখানে উৎপাদিত হয়েছে ৬ লাখ সাইকেল।
২০২৫ সালে পুরো ইইউতে মোট ১ কোটি ৪ লাখ সাইকেল উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৮৮ লাখ ছিল প্রচলিত সাইকেল, যা মোট উৎপাদনের প্রায় ৮৫ শতাংশ। বাকি ১৬ লাখ ছিল ইলেকট্রিক ও অন্যান্য মোটরচালিত সাইকেল।
ইউরোপে সাইকেল উৎপাদন আগের অবস্থানে ফিরতে না পারলেও ২০২৪ সালের তুলনায় গত বছর অ-ইলেকট্রিক সাইকেলের উৎপাদন ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে এ ধরনের ৮৫ লাখ সাইকেল তৈরি হয়েছিল।
তবে ২০২৫ সালের উৎপাদন ২০১৫ সালের তুলনায় এখনো ৩৫ দশমিক ৭ শতাংশ কম। ওই বছর ইইউতে ১ কোটি ৩৭ লাখ সাইকেল উৎপাদিত হয়েছিল।
ইলেকট্রিক সাইকেল উৎপাদনে ২০২৫ সালে শীর্ষে ছিল জার্মানি। দেশটিতে প্রায় ৪ লাখ ইলেকট্রিক সাইকেল তৈরি হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা নেদারল্যান্ডসে উৎপাদিত হয়েছে ৩ লাখ। চেকিয়া ও অস্ট্রিয়ায় তৈরি হয়েছে প্রায় দেড় লাখ করে। পর্তুগালে ইলেকট্রিক সাইকেল উৎপাদিত হয়েছে প্রায় ৩৮ হাজার।
এদিকে, পর্তুগালের সাইকেলশিল্পের রপ্তানি বাজারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির পরিসংখ্যান সংস্থা আইএনইর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পর্তুগাল ৪২ কোটি ৭৯ লাখ ইউরো মূল্যের সাইকেল রপ্তানি করেছে। ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৩৬ কোটি ২১ লাখ ইউরো।
সব ধরনের সাইকেল মিলিয়ে ২০২৫ সালে দেশটির এ শিল্পের রপ্তানি আয় রেকর্ড ৭৭ কোটি ৭১ লাখ ইউরোতে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ২৬ শতাংশ বেশি।
পর্তুগালের সাইকেল উৎপাদনশিল্পের বড় অংশ গড়ে উঠেছে আভেইরো জেলার আগুয়েদা এলাকায়। অঞ্চলটি দেশটির গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্রে পরিণত হয়েছে। জার্মানি, ফ্রান্স ও স্পেন পর্তুগালের সাইকেলের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য।
টেকসই পরিবহনে সাইকেলসহ বিভিন্ন পরিবেশবান্ধব বাহনের ভূমিকা তুলে ধরতে প্রতিবছর ২৬ নভেম্বর বিশ্ব টেকসই পরিবহন দিবস পালন করা হয়। এ উপলক্ষেই সর্বশেষ উৎপাদন পরিসংখ্যান প্রকাশ করেছে ইউরোস্ট্যাট।


