স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রোববারের নির্বাচনে আবারও নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তবে জনমত জরিপে এগিয়ে থাকা রক্ষণশীল ও কট্টর ডানপন্থীদের জয়ের সম্ভাবনায় আট বছরের শাসন ধরে রাখা নিয়ে কঠিন পরীক্ষার মুখে পড়েছেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে—এমন একটি নির্বাচনী চক্র শুরু হচ্ছে আগামী ১২ মাসে। এ কারণে স্পেনের নির্বাচন ইউরোপজুড়েই বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপির।
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বামপন্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সানচেজ। তবে নিজ দেশে তার মেরুকরণ সৃষ্টিকারী রাজনৈতিক অবস্থান আট বছরের প্রধানমন্ত্রিত্বকে ঝুঁকির মুখে ফেলেছে।
নির্বাচনী জরিপগুলোতে ধারাবাহিকভাবে প্রধান ডানপন্থী দল পপুলার পার্টির (পিপি) চেয়ে পিছিয়ে রয়েছেন সানচেজ। জরিপ অনুযায়ী, ঝুলন্ত পার্লামেন্টের পরিস্থিতিতে সবচেয়ে বেশি আসন পেতে পারে পিপি।
তবে সরকার গঠনের জন্য দলটিকে নির্ভর করতে হতে পারে দেশটির তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি, কট্টর ডানপন্থী ও অভিবাসনবিরোধী দল ভক্সের ওপর। এবারের নির্বাচনে দলটি তাদের আসনসংখ্যা দ্বিগুণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ধরনের জোট হলে তা হবে স্পেনে গণতন্ত্রে উত্তরণের পর প্রথম ঘটনা। জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর ফ্যাসিবাদী সমর্থনপুষ্ট স্বৈরশাসনের অবসানের পর ১৯৭৫ সালে দেশটিতে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের প্রক্রিয়া শুরু হয়।
ইউরোপের হাতে গোনা কয়েকজন বামপন্থী নেতার একজন সানচেজ। একের পর এক কঠিন রাজনৈতিক পরিস্থিতি কাটিয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। এবারও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী এই নেতা।
৩৫০ আসনের পার্লামেন্টে বামপন্থী দলগুলোর জন্য অন্তত ১৭৬টি আসন নিশ্চিত করতে শেষ মুহূর্তে প্রগতিশীল ও সিদ্ধান্তহীন ভোটারদের ভোটকেন্দ্রে আনার ওপর ভরসা করছেন তিনি।
৫৪ বছর বয়সী সানচেজের দাবি, পিপি ও ভক্স জোট সরকার গঠন করলে সামাজিক অধিকার, বিশেষ করে নারীদের অধিকার এবং ফ্রাঙ্কোর শাসনামলে নির্যাতিতদের স্মৃতি ও অবদান পুনরুদ্ধারের উদ্যোগে বড় ধরনের পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিরোধী দলগুলো এসব উদ্যোগ বাতিলের অঙ্গীকার করেছে।
স্পেনের অর্থনৈতিক অগ্রগতির কথাও তুলে ধরেছেন সানচেজ। ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ বৃহত্তম এই অর্থনীতি কয়েক বছর ধরে পশ্চিমা দেশগুলোর অনেকের চেয়ে ভালো করছে। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের সঙ্গে বিরোধের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্পেনের অবস্থানও তুলে ধরেছেন তিনি।
অধিকার হারানোর আশঙ্কা
মাদ্রিদে ২৩ বছর বয়সী শিক্ষার্থী মার্তা রামিরেজ হিমেনেজ এএফপিকে বলেন, ‘রাজনীতি এখন অনেক বেশি মেরুকৃত হয়ে পড়েছে। অসহনীয় সব মতামতকেও এখন প্রকাশের সুযোগ দেওয়া হচ্ছে।’
চিকিৎসাবিজ্ঞানের এই শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা এমন এক সময়ে বাস করছি, যখন আগে নিশ্চিত বলে ধরে নেওয়া অধিকারগুলো হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।’
২০২৩ সালের সর্বশেষ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গঠন করতে ব্যর্থ হয় পিপি। দলটির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো সানচেজের নির্বাচনী প্রচারণাকে ‘ভীতির রাজনীতি’ বলে আখ্যা দিয়েছেন।
৬৫ বছর বয়সী ফেইহো উত্তর-পশ্চিমাঞ্চলীয় গালিসিয়া অঞ্চলের ১৩ বছর শাসন করেছেন। সানচেজ সরকারের বিপরীতে নিজের অভিজ্ঞতা ও দক্ষতার ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন তিনি।
দুর্নীতির একাধিক আলোচিত কেলেঙ্কারি, কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সমঝোতা এবং বাজেট পাসে ব্যর্থতার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে সানচেজের সমালোচনা করে আসছে পিপি।
এ বছর দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে মোট ১১৫ জনের মৃত্যু এবং গত জুলাইয়ে মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান শহর সেউটায় অভিবাসীদের ব্যাপক প্রবেশের ঘটনাও পিপি ও ভক্সের সমালোচনার নতুন অস্ত্র হয়েছে।
সম্প্রতি ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীবাহী নৌকার আগমন বেড়ে যাওয়ায় অভিবাসন বিষয়ে সানচেজের তুলনামূলক উদার নীতিও সমালোচনার মুখে পড়েছে।
স্পেনের জনসংখ্যা বেড়ে প্রায় পাঁচ কোটিতে পৌঁছেছে, যার পেছনে প্রধান ভূমিকা অভিবাসনের। সরকারের দাবি, দেশটির শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
দীর্ঘদিনের আবাসন সংকট নিয়ে মানুষের ক্ষোভও কাজে লাগানোর চেষ্টা করছেন সানচেজ। চলতি মাসের শুরুতে ভাড়াটিয়াদের জন্য বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছেন তিনি।
অন্যদিকে, জরুরি আবাসনসংক্রান্ত কয়েকটি ডিক্রি অক্টোবরে প্রত্যাখ্যান করে ডানপন্থীরা। এর পরিপ্রেক্ষিতে ২০২৭ সালে অনুষ্ঠেয় নির্বাচন এগিয়ে এনে রোববার ভোটের আয়োজন করেন সানচেজ। তবে আবাসন ব্যয়ের লাগামহীন বৃদ্ধির জন্য তার একের পর এক সরকারকে দায়ী করছে বিরোধীরা।
৫৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত ব্যক্তি ডোমিঙ্গো পেরেজ বলেন, ‘এত ঘটনা, এত দুর্নীতি এবং স্পেনের সাধারণ মানুষ সংসার চালাতে না পারার কারণে পরিবর্তন হওয়া দরকার।’
ভক্স তাদের নির্বাচনী প্রচারণায় অভিবাসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আবাসন সংকটসহ অন্যান্য সমস্যার জন্য অভিবাসনকে দায়ী করে তরুণদের মধ্যে জমে থাকা অসন্তোষকে কাজে লাগানোর চেষ্টা করছে দলটি।
৫০ বছর বয়সী সান্তিয়াগো আবাসকাল নেতৃত্বাধীন দলটি অবৈধ অভিবাসীদের পাশাপাশি অপরাধে জড়িত বিদেশি নাগরিক এবং সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভর করে জীবনযাপন করছেন বলে যাদের মনে করে, তাদেরও বহিষ্কারের দাবি জানিয়েছে।
মাদ্রিদে ৫৫ বছর বয়সী বিদ্যুৎকর্মী হেসুস পেরেজ অলিদেন এএফপিকে বলেন, ‘এ মুহূর্তে সবকিছুই খুব বেশি মেরুকৃত। একদিকে বামপন্থীরা, অন্যদিকে ডানপন্থীরা। আমি আসলে নিশ্চিত নই।’
রোববার স্থানীয় সময় সকাল ৯টা থেকে স্পেনের প্রায় ৩ কোটি ৮৬ লাখ ভোটার ভোট দেওয়া শুরু করবেন। ভোটকেন্দ্র বন্ধ হবে রাত ৮টায়।


