ভাষা ও কারিগরি দক্ষতার প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নিতে আগামী মাসে ঢাকায় বিশেষ আয়োজন করতে যাচ্ছে ইতালি দূতাবাস।
মঙ্গলবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো।
এ সময় ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। এ কর্মসূচির আওতায় আগ্রহীদের ইতালীয় ভাষা, দেশটির নাগরিক সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি এবং কাজের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের ইতালিতে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণদের তৃতীয় ভাষা শেখানোর সুযোগ তৈরি করা প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম অগ্রাধিকার।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি হবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
সাক্ষাৎকালে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ইতালির রাষ্ট্রদূত। দুই দেশের অংশীদারত্বের কথা উল্লেখ করে তিনি বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা মোকাবিলায় বিশ্বস্ত বন্ধু হিসেবে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টিও গুরুত্ব পায়। বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি ইতালিতে বসবাস করছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
এ ছাড়া অনিয়মিত পথ এড়িয়ে বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির ভিসা পাওয়ার সুযোগ ও প্রক্রিয়া সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে ইতালির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ঢাকায় দেশটির দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেলি।


