উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন হাজারো বাংলাদেশি। তবে স্বপ্নপূরণের এই যাত্রায় কারও প্রাণ যাচ্ছে ভূমধ্যসাগরে, কেউ পড়ছেন মানবপাচারকারীদের খপ্পরে। প্রতারণা, অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন অনেকে।
মৃত্যুঝুঁকি পেরিয়ে গ্রিসে পৌঁছানোর পরও স্বস্তি মিলছে না অনেকের। দেশটির বিভিন্ন আটককেন্দ্রে মাসের পর মাস, এমনকি এক থেকে দেড় বছর ধরে আটক রয়েছেন বহু বাংলাদেশি। মুক্তির অপেক্ষায় দিন কাটলেও অনিশ্চয়তা কাটছে না। এর মধ্যে কাউকে কাউকে ফেরত পাঠানো হচ্ছে দেশে।
সর্বশেষ গত ১০ নভেম্বর গ্রিস থেকে ৪০ বাংলাদেশিসহ ৫০ জন অনিয়মিত অভিবাসীকে ফেরত পাঠানো হয়। এত বিপদ ও দুর্ভোগের পরও থামছে না ইউরোপমুখী এই যাত্রা।
সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখা যায়, ‘আলহামদুলিল্লাহ, গেম সফল, ইউরোপের স্বপ্ন পূরণ’—এমন সব পোস্ট ও ভিডিও। লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিসে প্রবেশের এসব সাফল্যের গল্প দেখে উৎসাহিত হচ্ছেন বাংলাদেশের অনেক তরুণ। তবে এই যাত্রায় কারও প্রাণ যাচ্ছে, আবার যারা গন্তব্যে পৌঁছাচ্ছেন, তাদের অনেকেরই ঠাঁই হচ্ছে আটককেন্দ্রে।
গ্রিসের বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নত জীবনের আশায় দেশ ছাড়লেও এখন তাদের দিন কাটছে বন্দিজীবনে। দীর্ঘদিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা, অনিশ্চিত ভবিষ্যৎ এবং মুক্তির অপেক্ষা মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে তাদের।
আটক বাংলাদেশি সুহেল আহমদ জানান, প্রায় দেড় বছর ধরে আটক রয়েছেন তিনি। কবে মুক্তি পাবেন, কিংবা কবে পরিবারের কাছে ফিরতে পারবেন, তা জানেন না। দীর্ঘ অপেক্ষায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।
আরেক বাংলাদেশি লুৎফুর রহমান জানান, লিবিয়া হয়ে গ্রিসে পৌঁছাতে তাকে অনেক ঝুঁকি নিতে হয়েছে। কিন্তু ইউরোপে এসেও স্বাভাবিক জীবন শুরু করতে পারেননি। দীর্ঘদিন আটক থাকায় পরিবারের পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
এত মৃত্যু, প্রতারণা ও বন্দিজীবনের পরও নতুন করে অনেকে লিবিয়া হয়ে ইউরোপে আসার চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু টিকটকারের ইউরোপযাত্রার সাফল্যের গল্প প্রচারের প্রবণতাও বেড়েছে। এসব ভিডিও দেখে উৎসাহিত হচ্ছেন অনেকে। কিন্তু সেই যাত্রার পেছনে থাকা মৃত্যু, নির্যাতন, জিম্মি ও আটকের বাস্তবতা আড়ালেই থেকে যাচ্ছে।
এ পরিস্থিতিতে অনিয়মিত পথে ইউরোপে প্রবেশের চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপে আসা থেকে বিরত থাকতে হবে। এ পথে মৃত্যুর ঝুঁকি রয়েছে এবং প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। কোনো বাংলাদেশি সমুদ্রে ডুবে মারা গেলে তার পরিবারের মতোই দূতাবাসের কর্মকর্তারাও ব্যথিত হন।
রাষ্ট্রদূত বলেন, ‘আমরা চাই না কোনো বাংলাদেশি সমুদ্রে ডুবে মারা যান। আমি বলব, একটু ধৈর্য ধরতে, আমাদের কাজ করার একটু সুযোগ দিতে। যেন তারা আইনসঙ্গতভাবে গ্রিসে আসতে পারেন। গ্রিসে বাংলাদেশি শ্রমিকদের প্রচুর চাহিদা রয়েছে। বৈধ পথে যেন সহজে আসতে পারেন, সে জন্য আমরা কাজ করছি।’
তবে শুধু সতর্কবার্তা দিয়ে এই প্রবণতা বন্ধ করা কঠিন। এর পেছনে থাকা মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো জরুরি। একই সঙ্গে বিদেশ যাওয়ার আগে তথ্য যাচাই এবং নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা তৈরিও প্রয়োজন।
ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে যেন কাউকে প্রাণ হারাতে না হয়, কিংবা গন্তব্যে পৌঁছানোর পর বছরের পর বছর বন্দিজীবন কাটাতে না হয়—এটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।


