ওষুধের সংকট ঠেকানো, চিকিৎসা সহজলভ্য করা এবং ওষুধশিল্পে উদ্ভাবন বাড়াতে নতুন আইন অনুমোদন দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। দুই বছরের বেশি সময় ধরে আলোচনার পর বুধবার আইনটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
নতুন আইন অনুযায়ী, কোনো ওষুধের সরবরাহে দুই সপ্তাহের বেশি সময়ের বিঘ্নের আশঙ্কা থাকলে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অন্তত ছয় মাস আগে সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষ ও ইউরোপীয় মেডিসিন এজেন্সিকে (ইএমএ) জানাতে হবে। কোনো ওষুধ বাজার থেকে স্থায়ীভাবে প্রত্যাহার করতে হলে এক বছর আগে নোটিশ দিতে হবে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ ওষুধের সরবরাহ অব্যাহত রাখতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। সদস্যদেশগুলো রোগীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ওষুধ সরবরাহের নির্দেশও দিতে পারবে।
নতুন আইনে জেনেরিক ও বায়োসিমিলার ওষুধ বাজারে প্রবেশ সহজ করার পাশাপাশি নতুন ওষুধ উদ্ভাবনে প্রতিষ্ঠানগুলোকে বাড়তি প্রণোদনা দেওয়া হয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করলে ওষুধ কোম্পানিগুলো সর্বোচ্চ ১১ বছর পর্যন্ত বাজার সুরক্ষা পেতে পারে।
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবনেও বিশেষ প্রণোদনা রাখা হয়েছে। এ ক্ষেত্রে যোগ্য প্রতিষ্ঠানগুলো তাদের পছন্দের অন্য কোনো ওষুধের জন্য অতিরিক্ত এক বছরের নিয়ন্ত্রক সুরক্ষা সুবিধা পাবে।
ইউরোপীয় পার্লামেন্টের জনস্বাস্থ্যবিষয়ক কমিটির চেয়ারম্যান অ্যাডাম জারুবাস বলেন, নতুন আইন ওষুধের উদ্ভাবন, সাশ্রয়ী দাম এবং সদস্যদেশগুলোর মধ্যে সমান প্রবেশাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে।
আইনটির বেশিরভাগ বিধান কার্যকর হবে এটি আইনে পরিণত হওয়ার দুই বছর পর। তবে ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং নতুন অ্যান্টিবায়োটিক উদ্ভাবনে প্রণোদনা দেওয়ার কিছু বিধান আগেই কার্যকর হবে।


