পর্তুগালে ২০২৫ সালে ২ হাজার ৯৪৫ বাংলাদেশিসহ বিপুলসংখ্যক বিদেশি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তাঁদের কাউকেই ফেরত পাঠানো হয়নি। একই বছর দেশ ছাড়ার নির্দেশ পাওয়া ৪ হাজার ১৫ ভারতীয়ের মধ্যে মাত্র ১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র তুলে ধরেছে অভিবাসনবিষয়ক সংবাদমাধ্যম শেনজেনভিসাইনফো।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে পর্তুগাল মোট ১৮ হাজার ২৪৫ জন বিদেশি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেয়। আগের বছর ২০২৪ সালে এ সংখ্যা ছিল মাত্র ৫৩৫। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশ ছাড়ার নির্দেশের সংখ্যা বেড়েছে প্রায় ৩৪ গুণ।
তবে এত বিপুলসংখ্যক মানুষকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হলেও বছরটিতে মাত্র ৮২৫ জনকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশে ফেরত পাঠানোর তথ্য নথিভুক্ত হয়েছে। সে হিসাবে প্রতি ১০০ জনকে দেশ ছাড়ার নির্দেশের বিপরীতে ফেরত পাঠানো হয়েছে মাত্র ৪ দশমিক ৫ জনকে। ইইউভুক্ত যেসব দেশ অন্তত ১ হাজার জনকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে, সেগুলোর মধ্যে এ হার সর্বনিম্ন। বিপরীতে ইইউর গড় হার ২৮ দশমিক ৬।
জাতীয়তাভিত্তিক পরিসংখ্যানেও দেখা গেছে, ২০২৫ সালে পর্তুগাল ২ হাজার ৯৪৫ বাংলাদেশি, ১ হাজার ৯০০ পাকিস্তানি ও ১ হাজার ৯৫ নাইজেরীয় নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেয়। কিন্তু এই তিন দেশের কোনো নাগরিককেই ওই বছর ফেরত পাঠানোর তথ্য নেই।
অন্যদিকে, দেশ ছাড়ার নির্দেশ পাওয়া ৪ হাজার ১৫ ভারতীয়ের মধ্যে মাত্র ১৫ জনকে ফেরত পাঠানো হয়েছে। তবে ব্রাজিলীয় নাগরিকদের ক্ষেত্রে চিত্র কিছুটা ভিন্ন। দেশ ছাড়ার নির্দেশ পাওয়া ২ হাজার ৫১৫ ব্রাজিলীয়ের মধ্যে ৬০৫ জনকে ফেরত পাঠানো হয়েছে। পর্তুগালের মোট ফেরত পাঠানো মানুষের প্রায় ৭৩ শতাংশই ব্রাজিলের নাগরিক।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৩ মে পর্তুগালের প্রেসিডেন্সিমন্ত্রী আন্তোনিও লেইতাও আমারো জানিয়েছিলেন, দেশটিতে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের মধ্যে যাঁদের বসবাসের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, তাঁদের প্রথম ধাপে ৪ হাজার ৫৭৪ জনকে দেশ ছাড়ার নোটিশ দেওয়া হচ্ছে। মোট প্রায় ১৮ হাজার বিদেশিকে এ ধরনের নোটিশ দেওয়ার পরিকল্পনা ছিল সরকারের। নোটিশ পাওয়ার ২০ দিনের মধ্যে তাঁদের স্বেচ্ছায় পর্তুগাল ছাড়তে বলা হয়েছিল।
তখন মন্ত্রী স্বীকার করেছিলেন, ২০২৩ সালে দেশটির পুরোনো সীমান্ত ও অভিবাসন সংস্থা এসইএফ বিলুপ্ত হওয়ার পর জোরপূর্বক বহিষ্কারের ক্ষেত্রে বড় ধরনের সমস্যায় পড়েছে পর্তুগাল। পরে পুলিশ বাহিনীর অধীনে বিদেশি নাগরিকদের বহিষ্কার কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ বিভাগও গঠন করা হয়।
তবে দেশটির নিজস্ব পরিসংখ্যানে নোটিশের সংখ্যা আরও বেশি। পর্তুগালের অভিবাসন সংস্থা এআইএমএর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসেই ৯ হাজার ২৬৮টি নোটিশ দেওয়া হয়েছিল। দেশটির ২০২৫ সালের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রতিবেদনে (আরএএসআই) পুরো বছরে এ সংখ্যা ২৩ হাজার ১৩৪ বলে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৪৪৪।
পরিসংখ্যানের এই পার্থক্যের কারণ হিসেবে ইউরোস্ট্যাটের গণনাপদ্ধতির কথা বলা হয়েছে। সংস্থাটি নোটিশের সংখ্যা নয়, বরং দেশ ছাড়ার নির্দেশ পাওয়া ব্যক্তির সংখ্যা গণনা করে। ফলে একজন ব্যক্তিকে এক বছরে একাধিক নোটিশ দেওয়া হলেও তাঁকে একবারই গণনা করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ২০২৫ সালে সবচেয়ে বেশি মানুষকে দেশ ছাড়ার নির্দেশ দেয় ফ্রান্স—১ লাখ ৩৭ হাজার ৫৫০ জনকে। এরপর জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডসের অবস্থান। পর্তুগাল ১৮ হাজার ২৪৫ জনকে দেশ ছাড়ার নির্দেশ দিয়ে ইইউতে নবম অবস্থানে ছিল।
তবে ফেরত পাঠানোর হারে দেশগুলোর মধ্যে বড় পার্থক্য রয়েছে। সাইপ্রাস প্রতি ১০০ জনের বিপরীতে ৭০ জন এবং সুইডেন ৬১ দশমিক ৩ জনকে ফেরত পাঠিয়েছে। জার্মানিতে এ হার ৫৩ শতাংশ। বিপরীতে স্পেন ও ফ্রান্সে তা যথাক্রমে ১০ দশমিক ৬ ও ১০ দশমিক ৯।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশ ছাড়ার নির্দেশ দেওয়া মানেই কাউকে বহিষ্কার করা নয়। কেউ স্বেচ্ছায় দেশ ছেড়ে গেলেও কর্তৃপক্ষকে না জানালে তা ইউরোস্ট্যাটের ফেরত পাঠানোর পরিসংখ্যানে নাও আসতে পারে। আবার কেউ আদালতে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন, অন্য কোনো শেনজেন দেশে চলে যেতে পারেন কিংবা নতুন করে বসবাসের আবেদন করতে পারেন।
এদিকে, ২০২৬ সালের সেপ্টেম্বরে পর্তুগালের অভিবাসন আইনে পরিবর্তন আনা হয়েছে। নতুন আইনে স্বেচ্ছায় দেশ ছাড়ার জন্য আগের মতো আলাদা নোটিশ দেওয়ার ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। এখন অনিয়মিতভাবে বসবাসকারীদের সরাসরি দেশ ছাড়ার বাধ্যবাধকতা রয়েছে। নির্দেশ না মানলে পুলিশ তাঁদের আটক করে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করতে পারবে।
গত ৭ অক্টোবর দেশটির পার্লামেন্টে লেইতাও আমারো জানান, ২০২৫ সালে প্রত্যাখ্যাত বসবাসের আবেদনের কারণে প্রায় ২৩ থেকে ২৪ হাজার নোটিশ দেওয়া হয়েছিল। আর ২০২৬ সালেই এ পর্যন্ত প্রায় ২৭ হাজার নোটিশ দেওয়া হয়েছে। তবে সংবাদমাধ্যমটির নিজস্ব অনুসন্ধান অনুযায়ী, এসব নোটিশের মধ্যে মাত্র প্রায় ৮০০টির ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
শেনজেনভিসাইনফোর প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, দেশ ছাড়ার নির্দেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কোনো শেনজেন দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হলে তা শেনজেন ইনফরমেশন সিস্টেমে (এসআইএস) নথিভুক্ত হতে পারে। এর ফলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশে প্রবেশ বা ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। তাই এমন নোটিশ পাওয়া ব্যক্তিদের নির্ধারিত সময়সীমার মধ্যে অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও আইনি পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


