স্পেনের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে এখন রক্ষণশীল নেতা আলবার্তো নুনিয়েস ফেইহো। দেশটির প্রধান বিরোধী দল পিপলস পার্টির (পিপি) এই নেতা আগামী ২৯ নভেম্বরের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তবে সরকার গঠন করতে হলে তাঁকে কট্টর ডানপন্থী দল ভক্সের সমর্থন নিতে হতে পারে। অভিবাসন, দুর্নীতি, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিসহ বিভিন্ন ইস্যুতে বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে তাঁর অবস্থানের পার্থক্য রয়েছে।
কে এই আলবার্তো ফেইহো?
১৯৬১ সালের ১০ সেপ্টেম্বর স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওরেনসে প্রদেশে জন্ম ফেইহোর। আইন বিষয়ে পড়াশোনা শেষে সরকারি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। রাজনীতিতে আসার আগে গালিসিয়ার স্বাস্থ্য বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরে স্পেনের রাষ্ট্রীয় ডাক বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৯ সালে গালিসিয়ার আঞ্চলিক সরকারের প্রধান হন ফেইহো। ২০২২ সাল পর্যন্ত এ দায়িত্বে থাকাকালে তাঁর দল টানা চারটি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। এ সময় দক্ষ প্রশাসক ও পরিমিত বক্তব্যের রাজনীতিক হিসেবে পরিচিতি পান তিনি। ২০২২ সালে পিপির নেতৃত্ব গ্রহণ করেন ফেইহো।
তবে ভক্সের ক্রমবর্ধমান জনপ্রিয়তার মধ্যে দলটির ভোটারদের আকৃষ্ট করতে ফেইহোকেও নিজের রাজনৈতিক বক্তব্যে কঠোরতা আনতে হয়েছে। অভিবাসন নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা এবং অনিয়মিত অভিবাসীদের সুযোগ-সুবিধা সীমিত করার পক্ষে অবস্থান নিয়েছে তাঁর দল। দুর্নীতির অভিযোগেও সানচেজ সরকারের সমালোচনা করে আসছেন তিনি।
প্রধানমন্ত্রী হতে ভক্সের সমর্থন কতটা জরুরি?
২০২৩ সালের নির্বাচনে পিপি সর্বোচ্চ ১৩৭টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭৬ আসন নিশ্চিত করতে পারেনি। এবারও জনমত জরিপে দলটি এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে সরকার গঠনের সমীকরণে ভক্সের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ফেইহো এককভাবে সরকার পরিচালনা করতে চান বলে জানিয়েছেন। তবে ভক্সের সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠনের সম্ভাবনাও নাকচ করেননি। অভিবাসন ও সামাজিক নীতিতে দুই দলের অবস্থানের মিল থাকলেও নারী নির্যাতন প্রতিরোধ আইনসহ বিভিন্ন বিষয়ে তাদের মতপার্থক্য রয়েছে। বর্তমানে স্পেনের চারটি অঞ্চলে পিপি ও ভক্স একসঙ্গে সরকার পরিচালনা করছে।
পররাষ্ট্রনীতিতে ফেইহো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার, ইউক্রেনকে সামরিক ও অন্যান্য সহায়তা অব্যাহত রাখা এবং ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পক্ষে। তবে ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার বিষয়ে এখনো স্পষ্ট অঙ্গীকার করেননি তিনি।
আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, ফেইহোর নির্বাচনী প্রচারণার বড় চ্যালেঞ্জ হলো মধ্যপন্থী ভোটারদের আস্থা ধরে রাখা এবং একই সঙ্গে ভক্সের দিকে ঝুঁকে পড়া রক্ষণশীল ভোটারদের সমর্থন পাওয়া। নির্বাচনের ফল এবং সরকার গঠনের সমীকরণই শেষ পর্যন্ত নির্ধারণ করবে স্পেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন।


