ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার পরও মন্টেনেগ্রোর ওপর নজরদারি অব্যাহত রাখতে চায় ইউরোপীয় কমিশন। নতুন সদস্যদেশগুলোর সংস্কার ও ইইউর নিয়ম মেনে চলা নিশ্চিত করতে দেশটির জন্য ১০ বছরের পরীক্ষাকালের পাশাপাশি সদস্যপদ পাওয়ার পরও বিশেষ নজরদারি ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
ইইউতে যোগদানের পথে সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী দেশ মন্টেনেগ্রোকে সামনে রেখেই নতুন এই সুরক্ষাব্যবস্থা তৈরি করা হচ্ছে। এর লক্ষ্য, সদস্যপদ পাওয়ার পর কোনো দেশ যেন আইনের শাসন ও গণতান্ত্রিক সংস্কার থেকে পিছিয়ে না যায়।
গত সপ্তাহে ইইউর সদস্যদেশগুলো নতুন সুরক্ষাব্যবস্থা নিয়ে আয়ারল্যান্ডের তৈরি খসড়া প্রস্তাবে নীতিগত সমর্থন দেয়। এরপর মন্টেনেগ্রোর সদস্যপদ চুক্তির ৩৫ নম্বর অধ্যায়ের খসড়া তৈরি করে ইউরোপীয় কমিশন। মঙ্গলবার এ নিয়ে আলোচনা করেন সদস্যদেশগুলোর প্রতিনিধিরা।
প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, সদস্যপদ পাওয়ার আগে যোগদানের আলোচনা শেষ হওয়া থেকে আনুষ্ঠানিক সদস্য হওয়ার মধ্যবর্তী সময়ে কমিশন সংশ্লিষ্ট দেশের সংস্কার ও প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। প্রয়োজন হলে সংশোধনমূলক পদক্ষেপের সুপারিশ করা যাবে। শেষ পর্যন্ত কোনো দেশ প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে তার সদস্যপদ কার্যকর হওয়ার সময়ও পিছিয়ে দেওয়া সম্ভব হবে।
তবে জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডসের মতো কয়েকটি দেশ এই নজরদারি সদস্যপদ পাওয়ার পরও চালু রাখার পক্ষে মত দেয়। অন্যদিকে, ফ্রেন্ডস অব দ্য ওয়েস্টার্ন বলকানস গোষ্ঠীর কয়েকটি দেশ এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে, সদস্যদেশগুলোর ওপর নজরদারির জন্য ইইউতে আগে থেকেই আইনের শাসনবিষয়ক প্রতিবেদন ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো প্রক্রিয়া রয়েছে।
কমিশনের প্রস্তাবে সদস্যপদ পাওয়ার পরও নজরদারি চালু রাখার পাশাপাশি নতুন সদস্যদের জন্য ১০ বছরের পরীক্ষাকালের কথা বলা হয়েছে। প্রয়োজনে এ সময় আরও পাঁচ বছর বাড়ানো যাবে। এ সময়ে ইইউর মূল্যবোধ ও নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। গুরুতর অপরাধের ক্ষেত্রে ভোটাধিকার স্থগিত করার সুযোগও থাকবে।
তবে এই ব্যবস্থা কার্যকরের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হবে, তা নিয়ে মতপার্থক্য রয়েছে। কমিশন চায়, কোনো প্রস্তাবের বিরুদ্ধে সদস্যদেশগুলোর যোগ্য সংখ্যাগরিষ্ঠতা ভোট না পড়লে সেটি কার্যকর হবে। অন্যদিকে, আয়ারল্যান্ডের প্রস্তাবে বলা হয়েছে, ব্যবস্থা কার্যকর করতে সদস্যদেশগুলোর যোগ্য সংখ্যাগরিষ্ঠতার সমর্থন প্রয়োজন হবে।
এ নিয়ে সমঝোতার চেষ্টা চালাবে ইইউ কাউন্সিলের বর্তমান সভাপতিত্বকারী আয়ারল্যান্ড। এক ইইউ কূটনীতিক ইউরোনিউজকে বলেন, কমিশনের খসড়া আলোচনায় খুব বেশি অগ্রগতি আনতে পারেনি। এতে সদস্যদেশগুলোর মধ্যে মতবিরোধ আরও বাড়ার ঝুঁকি রয়েছে। তবে মন্টেনেগ্রোর সদস্যপদ চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া প্রয়োজন।


