পর্তুগালের ভিসা পাওয়ার আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন পাঁচ বাংলাদেশি। তাদের অভিযোগ, ভারতে যাওয়ার পর একটি চক্র তাদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
দেশে ফিরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন আটক হন। পরে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক পাঁচ বাংলাদেশি হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিমনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬) ও কামাল উদ্দিন (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭) এবং আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮)। তাদের বহনকারী অটোরিকশার চালক বেলাল হোসেন (৩৬) পরশুরাম পৌরসভার খন্দকিয়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর আখাউড়া চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন ওই পাঁচজন। উদ্দেশ্য ছিল পর্তুগালের ভিসা সংগ্রহ করা। তবে সেখানে যাওয়ার পর তারা একটি দালাল চক্রের খপ্পরে পড়েন। চক্রটি তাদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়।
ভুক্তভোগীদের অভিযোগ, পরে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী জয়ন্তীনগর, বীরচন্দ্র নগর অথবা মেলাঘর সীমান্তের কোনো একটি স্থান দিয়ে তাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
তাদের ভাষ্য, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পরশুরামের দিকে যাচ্ছিলেন তারা। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সুবার বাজার সড়কে ছাত্রদলের নেতাকর্মীরা অটোরিকশাটি থামানোর সংকেত দেন। তবে চালক না থেমে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে পরশুরাম উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল ও সদস্যসচিব কামরুল হাসান বাবুর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা তাদের আটক করেন।
আতাহার হোসেন পাপরুল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরাকে কেন্দ্র করে পরশুরাম সীমান্ত এলাকায় বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা নিয়মিত পাহারা দিচ্ছেন। সীমান্তে দায়িত্ব পালনকালে তাদের আটক করা হয়। পরে অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে একটি দালাল চক্র তাদের জিম্মি করে পাসপোর্ট ও নগদ টাকা নিয়ে গেছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের একজন বাদী হয়ে মানবপাচার চক্রের সদস্য ও দালালদের বিরুদ্ধে থানায় মামলা করবেন। অন্যরা ওই মামলায় সাক্ষী থাকবেন। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। সেখানে জবানবন্দি নেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


