পর্তুগালের বিমানবন্দরগুলো থেকে যাত্রা করা যাত্রীদের নিরাপত্তা ফি ১০ দশমিক ৬ শতাংশ বাড়ানো হয়েছে। গত ২৫ নভেম্বর থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে যাত্রীপ্রতি ফি ১ দশমিক ৮০ ইউরো থেকে বেড়ে ১ দশমিক ৯৯ ইউরো হয়েছে।
দেশটির বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা এএনএ পরিচালিত সব বিমানবন্দর থেকে যাত্রার ক্ষেত্রে এ ফি প্রযোজ্য হবে। গন্তব্য যেখানেই হোক, লিসবন, পোর্তো ও ফারো বিমানবন্দরসহ মাদেইরা ও আজোরেস দ্বীপপুঞ্জের বিমানবন্দরগুলো থেকেও যাত্রীদের বাড়তি ফি দিতে হবে।
গত ২৪ নভেম্বর দেশটির সরকারি গেজেট ‘দিওরিও দা রিপাবলিকা’য় এ সংক্রান্ত নতুন ফি প্রকাশ করা হয়।
কেন বাড়ল নিরাপত্তা ফি
সংবাদমাধ্যম ইসিওর প্রতিবেদন অনুযায়ী, এএনএর প্রস্তাবের পর জাতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এএনএসি) ফি বাড়ানোর বিষয়ে ইতিবাচক মত দেয়।
এই ফি থেকে পাওয়া অর্থ বিমানবন্দরের নিরাপত্তা ব্যয় মেটাতে ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে চেক-ইন করা লাগেজ পরীক্ষার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ।
এএনএর নিরীক্ষায় চিহ্নিত বিনিয়োগের ব্যয় মেটাতে এবং সংস্থাটির সংশোধনমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নে নতুন নির্ধারিত ফি যথেষ্ট হবে বলে মনে করেছে এএনএসি।
২০২৩ সালের আগস্ট থেকে যাত্রীপ্রতি ১ দশমিক ৮০ ইউরো ফি কার্যকর ছিল। ওই সময় সরকার আগের ৩ দশমিক ৫৪ ইউরো থেকে তা কমিয়েছিল। নতুন করে বাড়লেও ফি এখনো ২০২৩ সালের আগস্টের আগের হারের তুলনায় অনেক কম।
যাত্রীদের খরচ কতটা বাড়বে
বিমানবন্দরের নিরাপত্তা ফির একাধিক অংশ রয়েছে। এর একটি যায় বিমানবন্দর পরিচালনাকারী সংস্থার কাছে, অন্যটি পায় এএনএসি ও নিরাপত্তা কর্তৃপক্ষ। দ্বিতীয় অংশটি ফ্লাইটের গন্তব্য অনুযায়ী পরিবর্তিত হয় এবং নতুন সিদ্ধান্তে এতে কোনো পরিবর্তন আনা হয়নি।
‘দিওরিও দে নোতিসিয়াস দা মাদেইরা’র তথ্য অনুযায়ী, শেনজেন অঞ্চলের ভেতরে ভ্রমণকারী যাত্রীদের মোট নিরাপত্তা ফি এখন ৩ দশমিক ৭৫ ইউরো হবে। আগে এ পরিমাণ ছিল ৩ দশমিক ৫৬ ইউরো।
মাদেইরা থেকে লিসবনে যাওয়া-আসার ক্ষেত্রে কোনো যাত্রীর বাড়তি খরচ হবে ৩৮ সেন্ট। তবে এ ক্ষেত্রে বিমান সংস্থা পুরো বাড়তি ব্যয় যাত্রীর ওপর চাপালে তবেই এই অর্থ দিতে হবে।
একই পথে চার সদস্যের একটি পরিবারের যাতায়াতে বাড়তি খরচ হবে ১ দশমিক ৫২ ইউরো।
এএনএর নেটওয়ার্কের বাইরে থাকা বিমানবন্দর ও এয়ারোড্রোমের নিরাপত্তা ফিতে নতুন আইনে কোনো পরিবর্তন আনা হয়নি।
বড়দিনের মাত্র এক মাস আগে এ ফি বাড়ানো হয়েছে। এ সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা করতে অনেকেই ভ্রমণ করেন। তবে ব্যক্তিপ্রতি টিকিটের মোট খরচে এর প্রভাব তুলনামূলকভাবে সামান্য হবে বলে ধারণা করা হচ্ছে।


