রাশিয়ার কালিনিনগ্রাদগামী একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। পরে ভাসতে ভাসতে এটি ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। রাশিয়া ও ফিনল্যান্ডের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
জাহাজটির নাম ‘স্পার্টা-২’। হামলার জন্য ইউক্রেনকে দায়ী করার সম্ভাবনা দেখছে ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিয়েভ।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অরপো বলেন, ‘যুদ্ধ আমাদের আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। আগ্রাসী পক্ষের বিরুদ্ধে পাল্টা লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।’
কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভানিখ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটিতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এ হামলার কারণে কালিনিনগ্রাদের সরবরাহব্যবস্থায় কোনো হুমকি তৈরি হয়নি।
স্পার্টা-২ জাহাজটি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আসে। চলতি বছরের শুরুতে ইউক্রেনও জাহাজটির ওপর নিষেধাজ্ঞা দেয়। ইউক্রেন ও যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, জাহাজটি রাশিয়ার একটি কোম্পানি পরিচালনা করে।
কোম্পানিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১১ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামোর মধ্যে এটি প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সাল থেকে কোম্পানিটি সামরিক নির্মাণ খাতে কার্যক্রম পরিচালনা করছে।
ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ, উদ্ধার অভিযান
ফিনল্যান্ডের কোস্টগার্ড জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে (জিএমটি সকাল ৬টা ৫০ মিনিট) জাহাজটিতে হামলার খবর পায় তারা। পরে ফিনল্যান্ড উপসাগরে সুয়ারসারি দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়।
ঘটনার পর ওই এলাকায় সাময়িকভাবে আকাশ ও সমুদ্রপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয় বলে জানিয়েছে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী।
এর কিছুক্ষণ পর ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার একটি হেলিকপ্টার দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। জাহাজটি উদ্ধার বা হামলার পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণের অভিযানের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কালিনিনগ্রাদের গভর্নর টেলিগ্রামে লেখেন, রাশিয়ার একটি উদ্ধারকারী জাহাজ ক্ষতিগ্রস্ত জাহাজটির কাছে পৌঁছেছিল। স্পার্টা-২-এর নাবিকেরা তাদের জানান, তাঁদের সরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। জাহাজটির কর্মীরা প্রয়োজনীয় কাজ করছেন এবং যাত্রা অব্যাহত রাখার পরিকল্পনা করছেন বলেও জানান তিনি।
তবে পরে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানায়, স্পার্টা-২-এর কর্মীদের অন্য একটি রুশ জাহাজে সরিয়ে নেওয়া হয়েছে। ওই জাহাজটি এরই মধ্যে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছে। ক্ষতিগ্রস্ত স্পার্টা-২-এর কাছে রাশিয়ার উদ্ধারকারী জাহাজটি অবস্থান করছিল।
ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী আরও জানায়, এ ঘটনায় পরিবেশের কোনো ক্ষতি শনাক্ত করা যায়নি। নৌ চলাচল বা মানুষের জন্যও কোনো বিপদের আশঙ্কা নেই।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন উত্তেজনাকেন্দ্র বাল্টিক সাগর
কালিনিনগ্রাদ রাশিয়ার একটি বিচ্ছিন্ন ভূখণ্ড বা এক্সক্লেভ। এটি পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত। রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় অঞ্চলটিতে পণ্য ও সামরিক সরবরাহের ক্ষেত্রে সমুদ্রপথ গুরুত্বপূর্ণ।
ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন জানিয়েছেন, জাহাজে হামলার ঘটনাটি তদন্ত করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এ কাজে সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এ ঘটনায় ন্যাটোকেও অবহিত করা হয়েছে বলে জানিয়েছে ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে বাল্টিক সাগর নতুন করে উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে। সম্প্রতি ইউক্রেনও যুদ্ধের সম্মুখসীমার বাইরে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলা বাড়িয়েছে


