রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তোলার পরদিন শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশ সফরে গিয়ে দেশটির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেছেন, পোল্যান্ডের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে ন্যাটো।
পোল্যান্ডের অভিযোগ, ইউক্রেন সীমান্তের কাছে দেশটির আকাশসীমায় তিনটি বস্তু প্রবেশ করেছে। এগুলোর মধ্যে সম্ভবত দুটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ছিল।
পোল্যান্ডের বার্তা সংস্থা পিএপির বরাতে রয়টার্স জানিয়েছে, রুটে বলেছেন, “ন্যাটোর পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিতে পারি, পোল্যান্ডের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করা হবে।”
রুটে আরও বলেন, ইউরোপে ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউচ জোটের প্রতিরক্ষাব্যবস্থায় কোনো দুর্বলতা বা হুমকি আছে কি না, তা চিহ্নিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এরপর পরিস্থিতি অনুযায়ী যথাযথ সমন্বয় ও ব্যবস্থা নেওয়া হবে।
ইউক্রেন যুদ্ধের মধ্যে ন্যাটোর সদস্য ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশগুলোর আকাশসীমায় বারবার ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এতে পশ্চিমা সামরিক জোটটির সঙ্গে রাশিয়ার উত্তেজনা বাড়ছে এবং সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
ইউক্রেনের মিত্রদের নিয়ে গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর সামরিক মহড়া চলাকালে শুক্রবার সর্বশেষ আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটে। পোল্যান্ডের কর্মকর্তারা ঘটনাটিকে দুর্ঘটনা বলে মেনে নিতে নারাজ।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, পশ্চিমা সামরিক মহড়া চলাকালে ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে তিনি মনে করেন না। ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের ঘটনা না ঘটলেও ওয়ারশ একে রাশিয়ার ‘উসকানি’ হিসেবে বর্ণনা করেছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানিয়েছেন, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার ভেতরে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের নওই লিপোভিচ নামের একটি গ্রামীণ এলাকায় ‘কেএইচ-১০১’ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
তিনি আরও জানান, সন্দেহভাজন আরেকটি ক্ষেপণাস্ত্র নওই লিপোভিচের পশ্চিমে রুডনিক নাদ সানেমের কাছে আছড়ে পড়ে। আর দক্ষিণে মলোডিচের কাছে বিধ্বস্ত হয় জেটচালিত একটি ড্রোন।
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ নিয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর দেশটির ওপর রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের এসব ঘটনা ঘটে।
পিএপি জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনার জন্য সোমবার ব্রাসেলসে ন্যাটোর সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ নর্থ আটলান্টিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে।


