রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনীয় এক র্যাপারকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করার পর রুশ নাগরিকদের ভ্রমণে আরও কঠোর বিধিনিষেধ আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ডেনমার্ক।
এ ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে দেশটির এক প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দেওয়ার ঠিক আগমুহূর্তে এ আহ্বান জানায় কোপেনহেগেন। ডেনমার্কের গোয়েন্দা সংস্থার দাবি, ইউক্রেনীয়-আমেরিকান র্যাপার কিয়েভস্টোনারকে হত্যার ষড়যন্ত্রের পেছনে রাশিয়া জড়িত।
এ পরিস্থিতিতে রুশ নাগরিকদের জন্য আরও কঠোর ভিসানীতি এবং শেনজেন অঞ্চলে তাদের চলাচলে বিধিনিষেধ আরোপসহ সমন্বিত ইউরোপীয় পদক্ষেপ চাইছে ডেনমার্ক।
রয়টার্সের হাতে আসা তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর ইইউর সদস্যদেশগুলোর সরকারের কাছে পাঠানো এক কূটনৈতিক নোটে ডেনমার্ক রুশ নাগরিকদের পর্যটন ভিসা দেওয়া স্থগিত করার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে শেনজেন অঞ্চলে রাশিয়ার নন-বায়োমেট্রিক পাসপোর্টের স্বীকৃতি বন্ধ করার প্রস্তাবও দিয়েছে দেশটি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবে পুরো শেনজেন অঞ্চলের পরিবর্তে শুধু ভিসা ইস্যুকারী দেশে কার্যকর থাকবে—এমন ভিসার ব্যবহার বাড়ানোর কথাও রয়েছে। পাশাপাশি রাশিয়ার বর্তমান ও সাবেক যোদ্ধাদের প্রবেশে আরও কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাব দিয়েছে ডেনমার্ক। এসব প্রস্তাব নিয়ে ২৩ নভেম্বর ব্রাসেলসে ইইউর রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে দেশটির।
রুশ নাগরিকদের চলাচলে কঠোর বিধিনিষেধ চায় ডেনমার্ক
ইউরোপে রুশ নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন দেশের আলাদা আলাদা বিধিনিষেধের পরিবর্তে অভিন্ন নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে কোপেনহেগেন।
রয়টার্সের বরাতে কূটনৈতিক নোটে বলা হয়েছে, “ইউরোপের শক্তি ও দৃঢ়তা তুলে ধরতে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।”
এদিকে, হত্যার ষড়যন্ত্রে রাশিয়ার জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে কোপেনহেগেনে অবস্থিত রুশ দূতাবাস। দূতাবাসের দাবি, অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেয়নি ডেনমার্ক।
রুশ পর্যটক, সাবেক যোদ্ধা ও ক্রীড়াবিদদের ওপর বিধিনিষেধ আরোপসহ বিভিন্ন বিষয়ে ইইউ যখন আরও কঠোর পদক্ষেপ বিবেচনা করছে, তখন ডেনমার্ক এ প্রস্তাব দিল।
এর আগে রাশিয়ার সঙ্গে সহযোগিতায় থাকা ক্রীড়া সংস্থাগুলোর অর্থায়ন সীমিত করার প্রস্তাব দেন ইইউর ক্রীড়াবিষয়ক কমিশনার গ্লেন মিকালেফ। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ও ভিসানীতি নিয়েও কাজ চলছে।
এর আগে ইউক্রেনভিত্তিক সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টকে ইইউর চার কর্মকর্তা জানিয়েছিলেন, ২৩ নভেম্বর ইউরোপীয় কমিশনের ২২তম নিষেধাজ্ঞার প্যাকেজ প্রকাশের কথা রয়েছে। এতে ক্রীড়াসংক্রান্ত পদক্ষেপও গুরুত্ব পেতে পারে।
এদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন রাশিয়ার কথিত হাইব্রিড তৎপরতার লক্ষ্যবস্তু হওয়া ডেনমার্কসহ ইইউর অন্যান্য দেশের প্রতি সংহতি জানিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপের প্রস্তুতি ও প্রতিরোধক্ষমতা বাড়াতে শিগগিরই নতুন ইউরোপীয় নিরাপত্তা কৌশল প্রস্তাব করবে ইইউ।


