বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি হওয়া সত্ত্বেও দেশটির তরুণ প্রজন্মের একটি বড় অংশ এখন বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন দেখছে। ‘ইউগেন্ড ইন ডয়েচলান্ড’ (জার্মানিতে তরুণরা) শীর্ষক সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে, ১৪ থেকে ২৯ বছর বয়সী প্রতি পাঁচজন জার্মান নাগরিকের মধ্যে একজন বর্তমানে অন্য দেশে চলে যাওয়ার কথা গুরুত্বের সাথে ভাবছেন। এদের মধ্যে অন্তত ৪১ শতাংশ তরুণ দীর্ঘমেয়াদে জার্মানি ছাড়ার পরিকল্পনা করছেন।
উন্নত জীবনের সন্ধানে জার্মান তরুণদের এই দেশান্তরের ইচ্ছার পেছনে কাজ করছে বেশ কিছু গভীর কারণ। ২,০১২ জন তরুণের ওপর চালানো এই সমীক্ষায় উঠে এসেছে যে, তারা জার্মানির বর্তমান অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। গত দুই বছর ধরে জার্মানির অর্থনীতিতে চলা এক ধরণের স্থবিরতা, ক্রমাগত বেড়ে চলা আবাসন খরচ এবং ক্রমবর্ধমান আর্থিক চাপ তরুণদের স্বাবলম্বী হওয়ার পথকে কঠিন করে তুলেছে। এছাড়া কর্মজীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা এর প্রসারের ফলে তৈরি হওয়া শঙ্কাও তাদের দেশ ছাড়তে উদ্বুদ্ধ করছে।
সমীক্ষার পরিচালক জিমন শ্নেৎসার মনে করেন, সাম্প্রতিক বছরগুলোর মানসিক চাপ তরুণদের মধ্যে ক্লান্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনার অভাববোধ তৈরি করছে। তবে কেবল অর্থ নয়, বরং জীবনযাত্রার গুণগত মানের কারণেও অনেকে দেশ ছাড়ছেন। যেমন, ২৯ বছর বয়সী হামবুর্গের আইনের ছাত্র ফ্রেডেরিক টোকিও বা ভিয়েনার মতো শহরে যেতে চান শুধু শান্তিপূর্ণ ও পরিচ্ছন্ন জীবনের টানে। ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, জার্মান তরুণদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া। বিশেষ করে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা তার উন্নত সরকারি পরিষেবা এবং উচ্চমানের জীবনযাত্রার জন্য তরুণদের কাছে স্বর্গ হিসেবে বিবেচিত হচ্ছে।


