জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ইউরোপজুড়ে ক্ষোভ বাড়ছে। এর প্রতিবাদে শনিবার আবারও রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। তাঁদের দাবি, মজুরি বাড়াতে হবে, আবাসন ব্যয় কমাতে হবে এবং জনসেবার মান উন্নত করতে হবে।
পর্তুগাল, ফ্রান্স ও স্পেনে বিক্ষোভ হয়েছে। আর ইতালিতে বিক্ষোভের পাশাপাশি ধর্মঘট করেছেন শ্রমিক ও শিক্ষার্থীরা। লিসবনে বৃষ্টির মধ্যেও রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। প্যারিসে বিক্ষোভে অংশ নেন শ্রমিক সংগঠন, যুব সংগঠন ও ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরা।
জীবনযাত্রার ব্যয় বাড়ার পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, আবাসন ব্যয় বৃদ্ধি ও সামাজিক বৈষম্য নিয়ে ইউরোপজুড়ে অসন্তোষের প্রতিফলন এসব বিক্ষোভ।
টানা ষষ্ঠ সপ্তাহে ফ্রান্সে বিক্ষোভ
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়, শিক্ষার্থীদের অধিকার ও পুলিশের কথিত সহিংসতার প্রতিবাদে টানা ষষ্ঠ শনিবারের মতো বিক্ষোভ হয়েছে। তবে আগের সপ্তাহের তুলনায় এবার বিক্ষোভকারীর সংখ্যা কম ছিল বলে জানিয়েছে ইউরোনিউজ।
প্যারিসে বিক্ষোভকারীরা প্লাস দ্য লা রিপাবলিক থেকে প্লাস দ্য লা নাসিওঁ পর্যন্ত মিছিল করেন। তাঁদের হাতে ছিল বিভিন্ন পতাকা, আর অনেকের পোশাকে ছিল শ্রমিক সংগঠনের প্রতীক। কেউ কেউ আন্দোলনের পরিচিত হলুদ জ্যাকেটও পরেছিলেন।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, দেশজুড়ে বিক্ষোভে অংশ নেন ৮২ হাজার ৫০০ মানুষ। তাঁদের মধ্যে প্যারিসে ছিলেন ২১ হাজার ৫০০ জন। তবে আয়োজকদের দাবি, দেশজুড়ে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ১ লাখ ৫০ হাজার; শুধু রাজধানীতেই ছিলেন ৪৫ হাজার।
এর আগের সপ্তাহে সরকারি হিসাবে দেশজুড়ে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ১ লাখ ৬ হাজার। আয়োজকদের দাবি ছিল, অংশ নিয়েছিলেন ২ লাখ মানুষ।
লিওঁতে অনুমতি ছাড়া কয়েকটি মিছিল শহরের কেন্দ্রের দিকে যেতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে সেগুলো ছত্রভঙ্গ করে। ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন। মার্সেইয়ে বিক্ষোভে অংশ নেন ৪ হাজার ৬০০ মানুষ, যা আগের সপ্তাহের সংখ্যার সমান।
বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটে।
এএফপির নিজস্ব হিসাব অনুযায়ী, বিক্ষোভ শুরুর পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৩১ জন গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগীদের সরাসরি বক্তব্য, তাঁদের আইনজীবী ও বেসরকারি সংস্থার নথির ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
২০১৮ সালের নভেম্বরে শুরু হওয়া ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের অষ্টম বার্ষিকীর সঙ্গে এবারের বিক্ষোভ মিলে গেছে। জ্বালানির ওপর কর বাড়ানোর প্রতিবাদে ওই আন্দোলন শুরু হলেও পরে তা জীবনযাত্রার ব্যয় ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।
পর্তুগালে মজুরি বাড়ানোর দাবি
পর্তুগালের রাজধানী লিসবনে ভারী বৃষ্টি উপেক্ষা করে মিছিল করেছেন হাজারো শ্রমিক। তাঁদের দাবি, মজুরি ও পেনশন বাড়াতে হবে, আবাসন ব্যয় কমাতে হবে এবং জনসেবার মান উন্নত করতে হবে।
দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিটিপি-আইএন এ বিক্ষোভের আয়োজন করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিক্ষোভকারীরা রাজধানীতে আসেন। পোর্তো থেকে বিশেষ ট্রেন এবং আভেইরো ও ফারোর মতো শহর থেকে বাসে করে বিক্ষোভকারীরা লিসবনে পৌঁছান।
পরিবারগুলোর ওপর বাড়তে থাকা আর্থিক চাপ মোকাবিলায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে শ্রমিক সংগঠনটি। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার দাম কমানো এবং আবাসন আরও সাশ্রয়ী করার দাবি জানিয়েছে তারা।
ফেসবুকে প্রকাশিত এক প্রচারমূলক ভিডিওতে সিজিটিপি-আইএন দেখিয়েছে, অনেক পরিবারকে কীভাবে বাড়িভাড়া ও বিদ্যুতের বিল পরিশোধের পাশাপাশি খাবার ও ওষুধের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
ইউরোনিউজ জানিয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া অনেকের ভাষ্য, দৈনন্দিন খরচ মেটানোর জন্য তাঁদের আয় আর যথেষ্ট নয়। বিশেষ করে আবাসন, খাবার ও জ্বালানির ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে।
সরকারের প্রস্তাবিত ২০২৭ সালের বাজেট নিয়েও অসন্তোষ ছিল বিক্ষোভে। জনসেবা খাতে সরকারের নীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
আবাসন সংকটে স্পেনে বিক্ষোভ
স্পেনেও আবাসন ব্যয় ও জনসেবার মান নিয়ে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ।
বার্সেলোনায় শনিবারের বিক্ষোভে প্রায় ৩ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে আয়োজকদের দাবি, এ সংখ্যা ছিল ৫ হাজার।
বিক্ষোভকারীরা সাশ্রয়ী আবাসন, সরকারি শিক্ষায় বরাদ্দ বাড়ানো এবং জনসেবার মান উন্নত করার দাবি জানান।
‘মারেয়া দে রেসিদেনসিয়াস’ (কেয়ার হোমস মুভমেন্ট)-এর সঙ্গে যৌথভাবে আয়োজিত এ বিক্ষোভে কেয়ার হোমের বাসিন্দাদের অধিকার নিয়েও দাবি তোলা হয়। মহামারির সময় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সত্য উদ্ঘাটন, ন্যায়বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন বিক্ষোভকারীরা।
মহামারির সময় আঞ্চলিক সরকারপ্রধান ইসাবেল দিয়াস আয়ুসোর সরকারের চালু করা কিছু নীতির সমালোচনা করেন তাঁরা। ওই নীতির আওতায় কেয়ার হোমের নির্দিষ্ট কিছু প্রবীণ বাসিন্দাকে হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
কেয়ার হোমগুলো পুরোপুরি সরকারি মালিকানা ও ব্যবস্থাপনায় নেওয়ার দাবিও জানান বিক্ষোভকারীরা। তবে সংকট মোকাবিলায় নিজেদের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে আঞ্চলিক সরকার।
ইতালিতে শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভ ও ধর্মঘট
এদিকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের নীতির বিরুদ্ধে ইতালিতে বিক্ষোভ ও ধর্মঘট করেছেন শ্রমিক ও শিক্ষার্থীরা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির শ্রমিক সংগঠন সিজিআইএল এবং কোবাস আন্দোলনসহ কয়েকটি শ্রমিক সংগঠন আলাদা ধর্মঘটের ডাক দেয়। পাশাপাশি দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভেরও পরিকল্পনা ছিল।
রোমে এক সমাবেশে সিজিআইএল প্রধান মরিজিও লানদিনি বলেন, ইতালির ১০০টির বেশি শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভকারীর সংখ্যা নির্ধারণের জন্য এখনো সময় হয়নি।
সাধারণ ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছিল বিমান ও রেল যোগাযোগ। স্থানীয় গণপরিবহনের ক্ষেত্রেও ন্যূনতম সেবা চালু রাখার বাধ্যবাধকতা থাকায় ধর্মঘটের প্রভাব সীমিত ছিল। তবে শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আলাদা রেল ধর্মঘট চলে বলে জানিয়েছে রয়টার্স।
২০২৭ সালে ইতালিতে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। এর আগে দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী মেলোনির প্রস্তাবিত ২৬ বিলিয়ন ইউরোর ২০২৭ সালের বাজেট নিয়ে আলোচনা চলছে।
সিজিআইএলের দাবি, প্রস্তাবিত বাজেটে পরিবারের আয় ও জনসেবা খাতকে সহায়তা করার জন্য যথেষ্ট পদক্ষেপ রাখা হয়নি।


