পোল্যান্ডে বসবাসরত বিদেশি নাগরিকদের অর্ধেকের বেশি গত ছয় মাসে হয়রানি, বৈষম্য কিংবা কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছেন। ওয়ারশভিত্তিক মানবাধিকার সংস্থা ওকালেনিয়া ফাউন্ডেশনের এক সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
‘ইনভিজিবল ভায়োলেন্স’ শীর্ষক গবেষণাটি ২০২৬ সালের মে থেকে আগস্ট পর্যন্ত পরিচালিত হয়। এতে ৭০টির বেশি দেশের ৯৮৮ জন অভিবাসীর ওপর জরিপ চালানো হয়। পাশাপাশি ২৫ জনের বিস্তারিত সাক্ষাৎকার নেওয়া হয়। অংশগ্রহণকারীদের বড় একটি অংশ ইউক্রেন, বেলারুশ ও রাশিয়ার নাগরিক।
গবেষণায় দেখা গেছে, অভিবাসীদের সবচেয়ে বেশি মৌখিক আক্রমণের শিকার হতে হচ্ছে। জরিপে অংশ নেওয়া ৪৫ শতাংশ জানিয়েছেন, জাতীয়তা, ভাষা কিংবা কথা বলার উচ্চারণের কারণে তাঁদের অপমানজনক ও আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছে। এ ছাড়া ৩৪ দশমিক ৪ শতাংশ অভিবাসী অনলাইনেও বৈষম্য ও বিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছেন।
কর্মক্ষেত্রেও অর্থনৈতিক শোষণ ও শ্রম অধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখযোগ্য। জরিপে অংশ নেওয়া ২৪ দশমিক ২ শতাংশ বকেয়া মজুরি, বেআইনিভাবে বেতন কেটে রাখা এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করেছেন।
শারীরিক সহিংসতার শিকার হয়েছেন প্রতি আটজনের একজন, অর্থাৎ প্রায় ১২ দশমিক ৫ শতাংশ অভিবাসী। এসব ঘটনার মধ্যে ধাক্কা দেওয়া, থুতু ফেলা ও মারধরের পাশাপাশি অস্ত্র নিয়ে দলবদ্ধ হামলার মতো গুরুতর ঘটনাও রয়েছে।
নিপীড়নের শিকার ব্যক্তিদের ৬১ শতাংশ মনে করেন, তাঁদের জাতীয়তার প্রতি বিদ্বেষ থেকেই এসব হামলা বা হয়রানির ঘটনা ঘটেছে। অন্যদিকে, ১৫ শতাংশের ধারণা, এর পেছনে জাতিগত বা বর্ণবৈষম্য কাজ করেছে। কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, গণপরিবহন, হাসপাতাল, সরকারি অফিস এমনকি আবাসিক ভবনেও এসব ঘটনা ঘটেছে।
অনেক অভিবাসী জানিয়েছেন, জনসমক্ষে ইউক্রেনীয় বা রুশ ভাষায় কথা বলার কারণে তাঁদের গালিগালাজ শুনতে হয়েছে। কারও কারও ক্ষেত্রে চেহারা কিংবা ধর্মীয় পোশাকের কারণে বৈষম্য ও হুমকির ঘটনা ঘটেছে।
ফাউন্ডেশনটির মতে, এমন বৈরী পরিস্থিতির কারণে অনেক অভিবাসী সংঘাত এড়াতে নিজেদের পরিচয় গোপন রাখছেন। কেউ কেউ প্রকাশ্যে মাতৃভাষায় কথা বলা বন্ধ করেছেন, আবার অনেকে নিরাপত্তার কথা ভেবে দৈনন্দিন চলাফেরার রুটিনও বদলে ফেলেছেন।
অভিযোগ জানান না অধিকাংশ ভুক্তভোগী
গবেষণায় উঠে এসেছে, সহিংসতার শিকার ব্যক্তিদের মাত্র ১৩ দশমিক ২ শতাংশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে, ৭১ দশমিক ৫ শতাংশ অভিবাসী জানেন না কোথায় এসব ঘটনার অভিযোগ করতে হয়।
ভাষাগত বাধা, পুলিশের প্রতি অনাস্থা, বসবাসের বৈধতা হারানোর ভয় এবং অভিযোগ করেও প্রতিকার না পাওয়ার আশঙ্কায় অনেকেই আইনি পদক্ষেপ নিতে চান না।
এ ছাড়া সহিংসতার শিকার হওয়ার পর কোনো ধরনের সহায়তা পেয়েছেন কি না, এমন প্রশ্নের উত্তর দিয়েছেন ৪২৪ জন। তাঁদের মধ্যে ৬৭ দশমিক ৯ শতাংশ জানিয়েছেন, তাঁরা কোনো সহায়তা পাননি।
তবে এসব অভিজ্ঞতার পরও জরিপে অংশ নেওয়া ৭২ দশমিক ৫ শতাংশ অভিবাসী জানিয়েছেন, তাঁরা পোল্যান্ডে বসবাস করতে নিরাপদ বোধ করেন।
পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রশিক্ষণ উন্নত করা, দোভাষীদের সহজলভ্যতা বাড়ানো, কর্মক্ষেত্রে শোষণ বন্ধে কঠোর সুরক্ষা নিশ্চিত করা এবং অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার সুপারিশ করেছে ওকালেনিয়া ফাউন্ডেশন।
একই সঙ্গে বিদেশিদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরিতে অভিবাসীবিরোধী বক্তব্য ও অপতথ্যের প্রভাব নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
সূত্র: আনাদোলু এজেন্সি


