বিশ্বের সেরা এয়ারলাইন হিসেবে শীর্ষস্থান দখল করেছে সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা এমিরেটস। ২০২৭ সালের জন্য বিশ্বের সেরা এয়ারলাইনগুলোর প্রথম তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কাতার এয়ারওয়েজ এবং তৃতীয় স্থানে এয়ার নিউজিল্যান্ড।
যাত্রীদের মতামত ও এয়ারলাইনগুলোর পরিচালনাগত পারফরম্যান্সের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। গত তিন বছরে সর্বোচ্চ পাঁচটি এয়ারলাইনে ভ্রমণ করেছেন—এমন যাত্রীদের অভিজ্ঞতা জানতে জরিপ চালানো হয়। এতে কেবিনের আরাম, সেবার মান, বিনোদনের ব্যবস্থা, ভাড়ার তুলনায় সেবার মান এবং খাবার ও পানীয়ের মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়।
তথ্য সংগ্রহ করে গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা। পরে ভ্রমণবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ওএজির কাছ থেকে পাওয়া এয়ারলাইনগুলোর পরিচালনাগত পারফরম্যান্সের সঙ্গে এসব তথ্য মিলিয়ে সামগ্রিক রেটিং নির্ধারণ করা হয়।
২০২৬ সালে মধ্যপ্রাচ্যে ভ্রমণ বিঘ্নিত হলেও সেরা এয়ারলাইনের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে এমিরেটস। অর্থের বিনিময়ে সেরা সেবা এবং ব্যবসায়িক ভ্রমণের জন্যও শীর্ষ এয়ারলাইন নির্বাচিত হয়েছে সংস্থাটি।এমিরেটসের প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক বলেন, চলতি বছরের নানা চ্যালেঞ্জ সত্ত্বেও যাত্রীসেবা ও পণ্যের মান উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রেখেছে তাঁদের সংস্থা। গ্রাহকেরা একটি এয়ারলাইনের মৌলিক সেবার মান ভালো হলে তা বুঝতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্বের সেরা ১০ এয়ারলাইন
১. এমিরেটস
২. কাতার এয়ারওয়েজ
৩. এয়ার নিউজিল্যান্ড
৪. সিঙ্গাপুর এয়ারলাইনস
৫. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ
৬. ডেলটা এয়ারলাইনস
৭. সাউথ আফ্রিকান এয়ারওয়েজ
৮. চায়না সাউদার্ন এয়ারলাইনস
৯. এয়ার চায়না
১০. আমেরিকান এয়ারলাইনস
ইউরোপের সেরা এয়ারলাইনটাইম-এর তালিকার শীর্ষ ১০-এ জায়গা পায়নি ইউরোপের কোনো এয়ারলাইন। তবে শীর্ষ ২০-এ রয়েছে কয়েকটি ইউরোপীয় সংস্থা। ১৪তম স্থানে থেকে ইউরোপের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে তুর্কিশ এয়ারলাইনস।
এরপর ফিনএয়ার ১৫তম, লট পোলিশ এয়ারলাইনস ১৬তম এবং ব্রিটিশ এয়ারওয়েজ ১৭তম স্থানে রয়েছে। শীর্ষ ২৫-এ থাকা ইউরোপের শেষ এয়ারলাইন আইবেরিয়া, যার অবস্থান ২৪তম।তবে নির্ভরযোগ্যতার বিচারে ইউরোপের সবচেয়ে ভালো এয়ারলাইন নির্বাচিত হয়েছে রায়ানএয়ার। দীর্ঘপথের ভ্রমণে সেরা অভিজ্ঞতার স্বীকৃতি পেয়েছে ভার্জিন আটলান্টিক।
নির্ভরযোগ্য এয়ারলাইনগুলোর তালিকায় ইজিজেট অষ্টম, তুর্কিশ এয়ারলাইনস ১১তম, উইজ এয়ার ১২তম, ব্রিটিশ এয়ারওয়েজ ১৫তম, ভুয়েলিং ২১তম এবং আইবেরিয়া ২৪তম স্থানে রয়েছে।দীর্ঘপথের ভ্রমণে তুর্কিশ এয়ারলাইনস পঞ্চম, কেএলএম নবম, আইবেরিয়া দশম, ব্রিটিশ এয়ারওয়েজ ১৪তম, এয়ার ফ্রান্স ১৭তম, লুফথানসা ১৮তম এবং সুইস ১৯তম হয়েছে।যাত্রীদের পছন্দের তালিকায় সুইজারল্যান্ডের এডেলওয়াইস সপ্তম স্থানে রয়েছে। এ তালিকা তৈরি করা হয়েছে কেবল যাত্রীদের মূল্যায়ন এবং অন্যদের কাছে এয়ারলাইনটি সুপারিশ করার আগ্রহের ভিত্তিতে।
ইউরোপের সেরা বিমানবন্দরএয়ারলাইনগুলোর পাশাপাশি বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর তালিকাও প্রকাশ করেছে টাইম ও স্ট্যাটিস্টা। যাত্রীসংখ্যার ভিত্তিতে বিমানবন্দরগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—বছরে ৫ কোটির বেশি যাত্রী চলাচল করে এমন বড় বিমানবন্দর (মেজর এয়ারপোর্ট), ২ কোটি ৫০ লাখ থেকে ৫ কোটি যাত্রী চলাচল করে এমন বিমানবন্দর (লার্জ এয়ারপোর্ট), ২ কোটি ৫০ লাখের কম যাত্রী চলাচল করে এমন মাঝারি বিমানবন্দর এবং ১ কোটির কম যাত্রী চলাচল করে এমন ছোট বিমানবন্দর।
বড় বিমানবন্দরের তালিকার শীর্ষ ১০-এ ইউরোপের কোনো বিমানবন্দর জায়গা পায়নি। তবে ২ কোটি ৫০ লাখ থেকে ৫ কোটি যাত্রী চলাচলকারী বিমানবন্দরগুলোর মধ্যে নরওয়ের অসলো বিমানবন্দর ষষ্ঠ স্থানে রয়েছে। মাঝারি বিমানবন্দরগুলোর তালিকায় ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিমানবন্দর দশম হয়েছে। আর ছোট বিমানবন্দরগুলোর মধ্যে যুক্তরাজ্যের নিউক্যাসল পঞ্চম এবং স্পেনের বিলবাও নবম স্থানে রয়েছে।
বিমান সংযোগের দিক থেকে বড় বিমানবন্দরগুলোর তালিকায় নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফল পঞ্চম, জার্মানির মিউনিখ অষ্টম এবং যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো নবম স্থানে রয়েছে। আর লার্জ বিমানবন্দরগুলোর মধ্যে ইতালির মিলান মালপেনসা দ্বিতীয়, সুইডেনের স্টকহোম আরলান্ডা তৃতীয় এবং লন্ডন গ্যাটউইক চতুর্থ হয়েছে।
বিশ্বের শীর্ষ ১০ বড় বিমানবন্দর
১. চাঙ্গি বিমানবন্দর, সিঙ্গাপুর
২. গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দর, চীন
৩. বেইজিং ডাশিং আন্তর্জাতিক বিমানবন্দর, চীন
৪. অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্তরাষ্ট্র
৫. শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্তরাষ্ট্র
৬. ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্তরাষ্ট্র
৭. এল ডোরাডো আন্তর্জাতিক বিমানবন্দর, কলম্বিয়া
৮. সাংহাই হংকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দর, চীন
৯. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাতার
১০. হাংঝৌ আন্তর্জাতিক বিমানবন্দর, চীন


