ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্য দেশগুলোর তুলনায় পর্তুগালের পরিবারগুলোকে স্বাস্থ্যসেবার জন্য নিজেদের পকেট থেকে অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। ২০২৪ সালে দেশটির মোট স্বাস্থ্য ব্যয়ের ২৯ শতাংশই সরাসরি বহন করেছেন রোগীরা। ইইউতে এ হার গড়ে ১৬ শতাংশ।
গত ২৫ নভেম্বর ইউরোপীয় কমিশন ও অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) প্রকাশিত ‘হেলথ অ্যাট আ গ্ল্যান্স: ইউরোপ ২০২৬’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবার ব্যয় মেটাতে রোগীদের ওপর আর্থিক চাপ বাড়ছে। একই সঙ্গে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতাও বাড়ছে।
পর্তুগাল তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০ দশমিক ২ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করে, যা ইইউর গড়ের সমান। তবে এই ব্যয়ের অর্থায়নের ধরনে বড় পার্থক্য রয়েছে।
স্বাস্থ্য ব্যয়ে সরকারি অংশ কম
২০২৪ সালে পর্তুগালের স্বাস্থ্যসেবার মোট ব্যয়ের মাত্র ৬২ শতাংশ এসেছে সরকারি প্রকল্প ও বাধ্যতামূলক স্বাস্থ্যবিমা থেকে। ইইউতে এ হার ৮০ শতাংশ।
অন্যদিকে, দেশটির পরিবারগুলো সরাসরি বহন করেছে স্বাস্থ্য ব্যয়ের ২৯ শতাংশ। স্বেচ্ছাসেবী স্বাস্থ্যবিমা থেকে এসেছে প্রায় ১০ শতাংশ। ইইউতে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যবিমার মাধ্যমে স্বাস্থ্য ব্যয় মেটানোর গড় হার ৪ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য বাড়ছে। কেউ প্রয়োজনীয় চিকিৎসার জন্য বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হচ্ছেন, আবার কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসার খরচ, সেবার সুযোগ, অপেক্ষার সময় এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে দূরত্ব—এসবই প্রধান বাধা।
২০২৪ সালে পর্তুগালের ৪ শতাংশ প্রাপ্তবয়স্ক জানিয়েছেন, তাঁরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাননি। ইইউতে এ হার ৩ দশমিক ৬ শতাংশ। দারিদ্র্যের ঝুঁকিতে থাকা মানুষের মধ্যে এ হার ৭ দশমিক ৫ শতাংশ।
দাঁতের চিকিৎসার ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। দেশটির ১৬ শতাংশ প্রাপ্তবয়স্ক জানিয়েছেন, তাঁদের প্রয়োজনীয় দাঁতের চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি। এ ক্ষেত্রে ইইউর ১৪ দশমিক ২ শতাংশ গড়ের তুলনায় পর্তুগালের অবস্থান তৃতীয় সর্বোচ্চ। দারিদ্র্যের ঝুঁকিতে থাকা মানুষের মধ্যে এ হার ৩৮ শতাংশ।
ডিজিটাল স্বাস্থ্যসেবায় অগ্রগতি
ডিজিটাল স্বাস্থ্যসেবায় পর্তুগালের অগ্রগতি হয়েছে, তবে এর সুবিধা সব শ্রেণির মানুষের কাছে সমানভাবে পৌঁছাচ্ছে না।
২০২০ সালে দেশটির ১৬ থেকে ৭৪ বছর বয়সীদের মধ্যে ১৭ শতাংশ অনলাইনে নিজেদের চিকিৎসাসংক্রান্ত নথি দেখেছিলেন। ২০২৪ সালে এ হার বেড়ে ৪০ শতাংশে দাঁড়ায়, যা ইইউর ২৮ শতাংশ গড়ের চেয়ে বেশি।
তবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এ ক্ষেত্রে বড় ব্যবধান রয়েছে। ২০২৪ সালে উচ্চশিক্ষিতদের ৬২ শতাংশ অনলাইনে নিজেদের স্বাস্থ্যসংক্রান্ত নথি দেখেছেন। নিম্নশিক্ষিতদের মধ্যে এ হার মাত্র ১৯ শতাংশ।
এই ব্যবধান কমাতে সহায়তামূলক ডিজিটাল সেবা চালু করেছে পর্তুগাল। ২০২০ সালের ডিসেম্বর থেকে দেশটির প্রায় ৪৬০টি স্থানে প্রশিক্ষিত কর্মীরা মানুষকে এসএনএস ২৪সহ বিভিন্ন জাতীয় স্বাস্থ্যসেবার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সহায়তা করছেন। এসব স্থানের মধ্যে রয়েছে প্যারিশ কাউন্সিলের কার্যালয় ও নাগরিক সেবা কেন্দ্র।
দেশটির মোট চিকিৎসা পরামর্শের প্রায় ২৫ শতাংশ হয় টেলিফোন ও ভিডিও কলের মাধ্যমে। দূরবর্তী চিকিৎসাসেবার এ হার ইইউর দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এ ক্ষেত্রে পর্তুগালের ওপরে রয়েছে শুধু এস্তোনিয়া। ইইউতে গড় হার ১৫ শতাংশ।
ইউরোপীয় কমিশন, ওইসিডি এবং ইউরোপীয় অবজারভেটরি অন হেলথ সিস্টেমস অ্যান্ড পলিসিজের যৌথ উদ্যোগে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে ইইউর সদস্যদেশগুলোর স্বাস্থ্যব্যবস্থা মূল্যায়ন এবং স্বাস্থ্যসেবার সুযোগ, মান ও দক্ষতা বাড়ানোর ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে।


