পর্তুগালের রিয়েল এস্টেট পোর্টাল ‘আইডিয়ালিস্টা’র সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশজুড়ে ভাড়ার বিজ্ঞাপনে থাকা বাড়িগুলোর ৮৮ শতাংশেরই মাসিক ভাড়া সর্বোচ্চ ২ হাজার ৩০০ ইউরো পর্যন্ত।
২০২৫ সালের একই সময়ের সঙ্গে ২০২৬ সালের এ পর্যন্ত হওয়া তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, এই সীমার (২,৩০০ ইউরো) মধ্যে থাকা দৈনিক বিজ্ঞাপনের গড় সংখ্যা ৩০ হাজার ২৮৫ থেকে বেড়ে ৩৪ হাজার ২৭০টিতে পৌঁছেছে, যা প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। বাজারে বাড়ির সরবরাহ বাড়লেও সামগ্রিক ভাড়ার বাজারে এই ক্যাটাগরির হিস্যা মূলত অপরিবর্তিতভাবে ৮৮ শতাংশেই রয়ে গেছে।
তবে আশঙ্কাজনক বিষয় হলো, ২ হাজার ৩০০ ইউরো সীমার মধ্যে বিজ্ঞাপিত বাড়িগুলোর গড় আয়তন গত বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ কমে গেছে। একই সঙ্গে এক বেডরুমের (টি-১) অ্যাপার্টমেন্টগুলোর বাজার হিস্যা ৪ দশমিক ৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তিন ও চার বেডরুমের (টি-৩ ও টি-৪) বড় অ্যাপার্টমেন্টগুলোর প্রাপ্যতা কমেছে। অর্থাৎ এই নির্দিষ্ট বাজেটের মধ্যে ভাড়াটিয়ারা দিন দিন আরও ছোট বাড়ি নিতে বাধ্য হচ্ছেন।
আবাসন প্ল্যাটফর্ম ‘ইমোভিরচুয়াল’-এর মার্কেটিং ম্যানেজার সিলভিয়া বোজো ব্যাখ্যা করে বলেন, ‘এই পরিসংখ্যান প্রাসঙ্গিক হলেও একে বিচ্ছিন্নভাবে বিবেচনা করা উচিত নয়। একই মূল্যের সীমার ভেতরে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বাস্তবতা রয়েছে। আমরা দেখছি বাড়িগুলোর গড় আয়তন ক্রমান্বয়ে কমছে এবং এক বেডরুমের বাড়ির আধিক্য বাড়ছে।’ তিনি আরও যোগ করেন, বাজার বুঝতে শুধু ভাড়ার অঙ্কের দিকে তাকানো যথেষ্ট নয়, বরং ওই বাজেটে ভাড়াটিয়ারা আসলে কী ধরনের বাড়ি পাচ্ছেন, তা দেখাও সমান গুরুত্বপূর্ণ।
তবে মাসিক ২ হাজার থেকে ২ হাজার ৩০০ ইউরো ভাড়ার ক্যাটাগরি বিশ্লেষণ করলে ভিন্ন চিত্র দেখা যায়। প্রধান শহরগুলোতে এই সীমার বিজ্ঞাপন সংখ্যা ২০২৫ সালের ৮৫১টি থেকে বেড়ে এ বছর ১ হাজার ১৪৩টিতে দাঁড়িয়েছে, যা প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি।
এই দামের প্রায় ৭৬ শতাংশ বাড়িই রাজধানী লিসবনে অবস্থিত, যেখানে এই ব্র্যাকেটে সরবরাহ বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। এর পরেই রয়েছে পোর্তো, যেখানে সরবরাহ বেড়েছে ১৪ শতাংশ। এ ছাড়া ফুনশাল, ব্রাগা, অ্যাভেইরো এবং কোয়েম্ব্রায় এই দামের বাড়ির তালিকা বাড়লেও ফারো, সেতুবাল, ভিয়ানা দো কাস্তেলো এবং লেইরিয়ায় তা হ্রাস পেয়েছে।
বড় বাজারগুলোতে ২ হাজার থেকে ২ হাজার ৩০০ ইউরো সীমার ভাড়ার পরিমাণে সামান্য পরিবর্তন এসেছে। লিসবনে গড় ভাড়া ২ হাজার ১৪৩ থেকে বেড়ে ২ হাজার ১৬১ ইউরো (০.৮ শতাংশ বৃদ্ধি) হয়েছে। পোর্তোয় ৩ দশমিক ১ শতাংশ বেড়ে তা দাঁড়িয়েছে ২ হাজার ১৫৮ ইউরোতে (আগে ছিল ২,০৯৩ ইউরো)। এ ছাড়া ফুনশালে ৩ দশমিক ৯ শতাংশ, ব্রাগায় ২ দশমিক ৯ শতাংশ এবং কোয়েম্ব্রায় ১ দশমিক ৪ শতাংশ গড় ভাড়া বেড়েছে।
এর বিপরীতে লেইরিয়ায় গড় ভাড়া কমেছে ৪ শতাংশ, ভিয়ানা দো কাস্তেলোতে ৩ দশমিক ৮ শতাংশ এবং ফারোতে কমেছে ৩ দশমিক ১ শতাংশ। তবে কম সংখ্যক বাড়ি থাকা সত্ত্বেও পন্তা দেলগাদায় ভাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বৃদ্ধি (৮.৮ শতাংশ) রেকর্ড করা হয়েছে।
সিলভিয়া বোজো জানান, এই পরিসংখ্যান পর্তুগালের বিভিন্ন অঞ্চলের ভাড়ার বাজারের বড় বৈষম্যকে সামনে এনেছে; কারণ মোট তালিকার প্রায় তিন-চতুর্থাংশই লিসবনে সীমাবদ্ধ। এর মাধ্যমে স্পষ্ট হয় যে, জাতীয় পর্যায়ের একটি গড় ভাড়ার সীমা দেশের সব অঞ্চলে একই ধরনের আবাসন সুযোগ নির্দেশ করে না।


