স্পেনের সেউতা অঞ্চলে সাম্প্রতিক সময়ে প্রবেশ করা প্রায় ৫০০ অভিবাসী কিশোরীকে জরুরি ভিত্তিতে দেশটির মূল ভূখণ্ডে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার। তবে এসব অপ্রাপ্তবয়স্ককে আশ্রয় দিতে কয়েকটি স্বায়ত্তশাসিত অঞ্চল ইতোমধ্যে আপত্তি জানিয়েছে।
স্পেনের যুব ও শিশু মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩০ ও ৩১ জুলাই সেউতায় ব্যাপক অভিবাসন প্রবেশের সময় আসা এসব কিশোরীকে মূল ভূখণ্ডে স্থানান্তরের কাজ চলছে।
মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এ উদ্যোগের আওতায় একটি রাজকীয় ডিক্রি-আইনের মাধ্যমে সব স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্য বাধ্যতামূলক ও সংহতিভিত্তিক আশ্রয়ব্যবস্থা চালুর পাশাপাশি পালক পরিবারের কাছে তাদের রাখার সুযোগও থাকবে।
অতি ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য শিশু সুরক্ষা সংস্থাগুলোর মাধ্যমে মূল ভূখণ্ডে বিশেষায়িত আবাসন ও পরিচর্যার ব্যবস্থাও করা হতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট স্বায়ত্তশাসিত অঞ্চলের কাছে তাদের অভিভাবকত্ব হস্তান্তরের প্রয়োজন হবে না।
তবে সেউতায় আসা অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের আশ্রয় দিতে কয়েকটি আঞ্চলিক সরকার ইতোমধ্যে অস্বীকৃতি জানিয়েছে। কেন্দ্রীয় সরকার এসব অঞ্চলকে ‘সংহতির অভাবের’ জন্য সমালোচনা করেছে।
এদিকে, গত সপ্তাহে মরক্কো সেউতায় থাকা তাদের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর জন্য স্পেনের কাছে আহ্বান জানিয়েছে।
এদিকে সেউতা থেকে অপ্রাপ্তবয়স্ক অভিবাসীসহ সব অনিয়মিত অভিবাসীকে মরক্কোয় ফেরত পাঠানোর পক্ষে অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের মুখপাত্র মার্কুস ল্যামার্ট বলেন, স্পেন ও মরক্কোর কর্তৃপক্ষের অগ্রাধিকার হওয়া উচিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সেউতায় অনিয়মিতভাবে অবস্থানকারীদের দ্রুত ফেরত পাঠানো।
তিনি বলেন, এসব প্রত্যাবাসন ইইউর আইন অনুযায়ী করা হচ্ছে। বর্তমানে ‘রিটার্ন ডিরেক্টিভ’ এবং ভবিষ্যতে ‘ইইউ রিটার্ন রেগুলেশন’-এর আওতায় এ প্রক্রিয়া পরিচালিত হবে।
তবে স্পেনের অন্তর্ভুক্তি, সামাজিক নিরাপত্তা ও অভিবাসনমন্ত্রী এলমা সাইজ বলেন, অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাদের সর্বোত্তম স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। পরিস্থিতি মোকাবিলায় সেউতাকে ২ কোটি ৫০ লাখ ইউরো সহায়তা দিয়েছে স্পেনের সরকার।
স্পেনের জাতীয় পুলিশ মঙ্গলবার পর্যন্ত সেউতা কর্তৃপক্ষের কাছে ২ হাজার ১৬৮ জন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীকে শনাক্ত করে হস্তান্তর করেছে।
স্পেনের সেউতা অঞ্চলে সাম্প্রতিক সময়ে প্রবেশ করা প্রায় ৫০০ অভিবাসী কিশোরীকে জরুরি ভিত্তিতে দেশটির মূল ভূখণ্ডে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার। তবে এসব অপ্রাপ্তবয়স্ককে আশ্রয় দিতে কয়েকটি স্বায়ত্তশাসিত অঞ্চল ইতোমধ্যে আপত্তি জানিয়েছে।


